কোন্দল ও কেন্দ্রের হস্তক্ষেপমুক্ত কমিটি চান মাঠের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা-উপজেলার রাজনীতিতে কেন্দ্রীয় নেতাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, কোন্দল নিরসন এবং নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে ত্যাগী ও সক্রিয় নেতাদের নিয়ে সব কমিটি পুনর্গঠন চেয়েছেন বিএনপির মাঠপর্যায়ের নেতারা। গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় এ দাবি উঠেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সভায় দলটির মধ্যম সারি ও মাঠপর্যায়ের নেতারা বিএনপির সার্বিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। কেন দল কোন্দলমুক্ত হচ্ছে না, কেন্দ্রে জমা দেওয়া জেলা-উপজেলার বিভিন্ন কমিটি কোন অদৃশ্য শক্তির কারণে অনুমোদন পাচ্ছে না—এসব প্রশ্নও তুলেছেন অনেক নেতা। গতকালের সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টা থেকে সভা শুরু হয়। এতে অর্ধশতাধিক নেতা বক্তব্য দেন। সভায় সাংসদ রেহানা আক্তার রানু বলেন, সাংগঠনিক শক্তি বাড়াতে হলে দলের বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে সক্রিয় ও ত্যাগীদের অন্তর্ভুক্ত করতে হবে। কেন্দ্রীয় অনেক নেতাই আন্দোলন কর্মসূচিতে মাঠে থাকেন না, কিন্তু সংবাদ সম্মেলনে টেলিভিশনে চেহারা দেখাতে ব্যস্ত হয়ে পড়েন; এ কারণে সাংসদ রেহানা আক্তার ক্ষোভ প্রকাশ করেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূল পর্যায়ের অসন্তোষের জন্য অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ দায়ী। তিনি নয় মাস আগে অনুষ্ঠিত বিএনপির বর্তমান নির্বাহী কমিটির প্রথম সভায় গৃহীত ২৬ দফা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দলের সব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। কুষ্টিয়া জেলা বিএনপির নেতা মেহেদী আহমেদ রুমি বলেন, ‘দল এখন চাটুকারদের হাতে। এই চাটুকারেরাই একদিন জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। এখন তারাই আবার খালেদা জিয়ার আশপাশে তাঁর কার্যালয়ে জায়গা করে নিয়েছে।’ বাগেরহাট জেলার সভাপতি এম এ সালাম বলেন, জনসম্পৃক্ততা আছে, এমন ইস্যুতে ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি দিতে হবে। তা না হলে তৃণমূলে দলকে আন্দোলনমুখী করা যাবে না। বিএনপির সাংসদ আসিফা আশরাফী পাপিয়া অভিযোগ করেন, বিভিন্ন নির্বাচনে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া প্রার্থীরা পরাজিত হচ্ছেন। এ জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি জনগণের পক্ষে সঠিক ভূমিকা রাখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ জেলার সভাপতি এ টি এম মোশাররফ হোসেন।হবিগঞ্জ জেলার সভাপতি ফয়সাল আহমেদ বলেন, কেন্দ্রে অনেক কমিটি অনুমোদনের জন্য জমা পড়ে আছে। কিন্তু অনুমোদন হচ্ছে না। কেন হচ্ছে না, কোন অদৃশ্য শক্তি এর পেছনে কাজ করছে, তা তিনি জানতে চান। কক্সবাজারের শাহজাহান চৌধুরী সাংগঠনিক কমিটিগুলোর সমস্যা নিরসনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। শরীয়তপুরের সভাপতি জামাল শরিফ ভারপ্রাপ্ত মহাসচিবকে উদ্দেশ করে বলেন, ‘আপনি চাটুকারদের থেকে দূরে থাকবেন। আপনাকে যেন তারা গ্রাস করতে না পারে।’ ঢাকা মহানগর নেতা শাহাবুদ্দিন আহমেদ অবিলম্বে ঢাকা মহানগর কমিটি ঘোষণার দাবি জানান।বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে খালেদার আহ্বান: সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া সভার উদ্বোধন করেন। তিনি বলেন, নিজেদের সব বাদ-বিবাদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দল ও অঙ্গ দল এবং সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্বের ব্যাপারে সতর্ক থাকতে হবে। খালেদা জিয়া বলেন, এখন শুধু প্রতিবাদ করলে চলবে না—অন্যায়, অনাচার, অবিচার ও নিপীড়নের প্রতিরোধ করতে হবে। তিনি শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের নাম প্রকাশ না করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।সভায় তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।দিনব্যাপী এ সভায় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।