কোন্দল দূর করে দলকে ঐক্যবদ্ধ করব: খালেদা
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া পক্ষ-বিপক্ষ, রাগ-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলের মাঠকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির নির্বাহী কমিটির সভা উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সভা চলছে। উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো সময় আপনাদের সরকারবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’ তিনি বলেন, তাঁর দল ভেতরের কোন্দল, অসন্তোষ ও সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। এভাবে দলকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে।খালেদা জিয়া দলের ত্যাগী নেতা-কর্মীদের ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, যারা দলের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সামনের সারিতে নিয়ে আসা হবে।এদিকে নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নানা কারণে বিএনপির জেলা পর্যায়ের কমিটিগুলো পূর্ণাঙ্গ হয়নি। কেবল ৪৩টি কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। বাকি জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দলকে কোন্দলমুক্ত করার চেষ্টা চলছে।বিএনপির নির্বাহী কমিটির সভায় আজ সকাল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাহী কমিটির ৩৫ থেকে ৪০ জন সদস্য বক্তব্য দিয়েছেন। তাঁরা দলের ভেতরকার কোন্দল ও অসন্তোষ তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে। সদস্যরা দলীয় কোন্দল দূর করার জন্য ব্যবস্থা নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, দলীয় কোন্দলের পেছনে অনেক সময় কেন্দ্রীয় নেতাদের উসকানি কাজ করে। এটা দূর করা দরকার। সদস্যরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জানান, অনেক কমিটি কেন্দ্রীয় পর্যায়ে এসে অনুমোদনের অপেক্ষায় আছে, কিন্তু সেসব কমিটিকে অনুমোদন দেওয়া হচ্ছে না। এর কারণ তাঁরা জানতে চান।নির্বাহী সভায় কমিটির ৩৮৬ সদস্য ছাড়াও স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রত্যেক জেলার সভাপতি উপস্থিত আছেন।