কোন্দল নিরসনে দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন দলের প্রবীণ নেতা ও সাবেক সাংসদ ইসহাক মিয়া। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মহিউদ্দিনের পক্ষের নেতারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ইসহাক মিয়া সাংসদ ও নগর কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও যুগ্ম সম্পাদক আফছারুল আমীনের অনুসারীদের মার্জিত ভাষায় কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তাঁদের কেউ মনোনয়ন-পাগলা, কেউ সভাপতি-পাগলা আর কেউ প্রধান অতিথি-পাগলা। মহিউদ্দিন ও ইনামুল হকের নেতৃত্বাধীন নগর কমিটির বয়স চার বছর সাত মাস। এই কমিটি আরও দুই বছর থাকলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।’ইসহাক মিয়া সংবাদ সম্মেলনে বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। খালেদা জিয়া সরকারকে হুমকি দিচ্ছেন। এ সময় দলের কারও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালানো উচিত নয়।ইসহাক মিয়া বলেন, ‘আমার বয়স ৮১ বছর। ভারতে ৮৭ বছর বয়সেও সাংসদ হয়েছেন। সে হিসেবে আমি আরও দুইবার নির্বাচন করতে পারি। তবে আমার মন্ত্রী বা সাংসদ হওয়ার কোনো ইচ্ছা নেই। সংগঠন চলবে গঠনতন্ত্র মেনে। শৃঙ্খলা ভেঙে বাইরে সভা করলে এবং কথা বললে সংগঠনের ক্ষতি হয়।’ আওয়ামী লীগের নেতা বলেন, মেয়র নির্বাচনের আগে চট্টগ্রামের নেতারা ঢাকার বৈঠকে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করার কথা দিয়েছিলেন। অথচ ভোটের দিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এক নেতা বলেন, যাকে খুশি ভোট দিতে পারেন। এটা শৃঙ্খলা ভঙ্গ ছাড়া আর কিছু নয়।গত ১৭ জানুয়ারি নগর কমিটির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সাংসদ নুরুল ইসলাম, মন্ত্রী আফছারুল আমীন, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ও ইব্রাহিম হোসেন চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এই চার নেতা কারণ দর্শানোর জবাব না দিয়ে গত ২৯ জানুয়ারি নগরের একটি মিলনায়তনে পাল্টা প্রতিনিধি সভা করে মহিউদ্দিন ও ইনামুল হককে পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। সভায় মহিউদ্দিন ও ইনামুল হকের সমালোচনা করা হয়। তাঁদের সমালোচনার জবাব দিতে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইসহাক মিয়া ছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন ইনামুল হক। তবে মহিউদ্দিন চৌধুরী কোনো বক্তব্য দেননি। ইনামুল হক বলেন, মন্ত্রী-সাংসদ হয়ে দলের ক্ষতি করার রহস্য খুঁজে বের করতে হবে। অনেকে বলেন, যুদ্ধাপরাধীদের অশুভ অপশক্তি তাঁদের ওপর ভর করেছে। তাঁরা মন্ত্রী-সাংসদ ও চেয়ারম্যান হয়েছেন। একজন তো এখনো ভালো করে জয় বাংলা বলতে পারেন না, জিন্দাবাদ বলেন। তিনি জরুরি অবস্থার সময় দুদকের নগর সচিব ছিলেন। সাদা মনের মানুষের খেতাবও জোগাড় করেছিলেন তিনি। ইনামুল হক আরও বলেন, ‘আমরা কয়েকজনকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম। তাঁরা যুক্তি তুলে ধরবেন বলে আশা করেছিলাম। আমরাও আন্তরিকতার সঙ্গে তা বিবেচনা করব এবং অভিমান ভুলে দেশের ও দলের স্বার্থে কাজ করব।’