কোন্দলে বিএনপির গুরুত্বপূর্ণ কমিটিগুলো হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু এই দুই জায়গাতেই দলের কোন্দলের কারণে নেতৃত্ব নির্বাচন করতে পারছে না দলটি। তা ছাড়া মহাসচিবের দায়িত্ব পালন নিয়েও নতুন করে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ ঢাকা মহানগর বিএনপি ও এর গুরুত্বপূর্ণ অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠন করা সম্ভব হয়নি। তা ছাড়া দেশের অন্যান্য কমিটি নিয়েও কোন্দল রয়েছে। সংসদীয় কমিটি আছে কিন্তু উপনেতা নেই। আর মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন, তা নিয়ে উভয়ের সমর্থক নেতাদের মধ্যে বিরোধ লেগেই আছে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য তিনি সব দল, গোষ্ঠী ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে বলেন।বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে বলেন, সমমনা বিভিন্ন দল ও ব্যক্তিকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। তবে এটা ঠিক যে নিজেদের দলকে এখনো সরকারবিরোধী আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করা যায়নি।ওই নেতা বলেন, মাত্র ৩০ জন সাংসদ কোন্দলের ঊর্ধ্বে উঠে উপনেতা নির্বাচন করতে পারছেন না। তাই সারা দেশে বিএনপির কোন্দল কী পর্যায়ে পৌঁছেছে, তা তো সহজেই বোঝা যায়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সংসদের ভেতরে-বাইরে সরকারের ভুলত্রুটি তুলে ধরছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, দলকে গুছিয়ে তুলতে সময় লাগবে। সারা দেশে অগোছালো অবস্থা: দলের নয়া পল্টন ও গুলশান কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিএনপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলো এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারেনি। ১৯ জেলায় কাউন্সিলই করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নেই বেশির ভাগ জেলায়। তৃণমূলের অন্যান্য পর্যায়ের কমিটিগুলোর অবস্থা আরও নাজুক। কর্মকর্তারা জানান, কেন্দ্রের নির্দেশ পালনের মতো অবস্থা তাঁদের নেই।বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তৃণমূলে অনেক সমস্যা আছে। সেগুলো দূর করতে বেশ কিছু কমিটি করে দেওয়া হয়েছে। আগামী বর্ষাকাল পর্যন্ত কমিটিগুলো কাজ করবে। তবে কমিটি নিয়ে নানা সমস্যার কারণে কিছুটা অগোছালো ভাব তো আছেই।ঢাকা মহানগরে কমিটি নেই: কেন্দ্রীয় নেতাদের কোন্দলে ঢাকা মহানগর কমিটি ঘোষণা করতে পারেনি বিএনপি। এ নিয়ে দলের স্থায়ী কমিটিতেও কয়েক দফা বাগিবতণ্ডা হয়েছে। তবে চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের মতবিরোধের কারণে শেষ পর্যন্ত মহানগরে কমিটি ঘোষণা সম্ভব হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, এটা তো অস্বীকার করা যায় না যে মহানগর কমিটি গঠনে অনেক বিলম্ব হয়ে গেছে। তবে শিগগিরই ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হবে। এটা দলের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ঢাকায় বিএনপিকে সবচেয়ে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।বিএনপির কয়েকজন নেতা জানান, মহানগর বিএনপির কমিটি গঠন আরও পিছিয়ে যেতে পারে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করানোর জন্য এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দল মনে করছে, এখন কমিটি হলে বঞ্চিতরা ঠিকমতো কাজ করবেন না।সূত্র জানায়, যুবদলের মহানগরে পূর্ণাঙ্গ কমিটি নেই। ছাত্রদল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এ ছাড়া অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থাও শোচনীয়। সাদেক হোসেন বলেন, দল মহানগর কমিটির বিষয়ে অবগত আছে। এটা নীতিনির্ধারকেরা ঠিক করবেন।সংসদ উপনেতার পদও শূন্য: সংসদের ভেতরে সরকারের বিভিন্ন কাজের বিরোধিতা করতে চলতি অধিবেশনে যোগ দেয় বিএনপি। কিন্তু সেখানেও কোন্দলের কারণে বিএনপির সাংসদেরা সংসদীয় দলের উপনেতা নির্বাচন করতে পারছেন না।দলের একজন সাংসদ প্রথম আলোকে বলেন, উপনেতা না থাকায় দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে। সব সময় চেয়ারপারসনের সঙ্গে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা যায় না। এ নিয়ে সাংসদেরা সংসদীয় দলের সর্বশেষ সভায় উপনেতা নির্বাচনের জন্য খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান। কিন্তু দুই সাংসদের কারণে এ কাজটি শেষ হয়নি।সূত্র জানায়, সাংসদ মওদুদ আহমদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে বিরোধিতার কারণে উপনেতা নির্বাচন সম্ভব হচ্ছে না। খালেদা জিয়া চান জ্যেষ্ঠ নেতা হিসেবে মওদুদ আহমদকে উপনেতা বানাতে। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী মনে করেন, মওদুদ উপনির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। মওদুদ আহমদ বলেছেন, জিয়াউর রহমানের সময় তিনি উপনেতার দায়িত্ব পালন করেছেন। তাই এ পদের জন্য তাঁর কোনো মোহ নেই। আর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, উপনেতা নির্বাচনের দায়িত্ব চেয়ারপারসনের। সাংসদেরা তাঁকে এই দায়িত্ব দিয়েছেন।মহাসচিব নিয়ে নতুন বিরোধ: বিএনপির মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের কাজ নিয়ে সাম্প্রতিক সময়ে বিরোধে জড়িয়ে পড়েছেন দুই পক্ষের সমর্থক নেতারা। দলের স্থায়ী কমিটিতে এ নিয়ে বিরোধ অনেকটাই প্রকাশ হয়ে পড়েছে।বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারগুলো মহাসচিবকে অবহিত না করে তিনি সরাসরি চেয়ারপারসনকে জানাচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফসহ বেশির ভাগ সদস্য মির্জা ফখরুলের এই দায়িত্ব পালনকে সমর্থন করে আসছেন।অপর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন যত দিন মহাসচিব থাকতে চাইবেন, তত দিন থাকতে পারবেন। কেউ তাঁর পদত্যাগ দাবি করবে না।