অন্তঃকোন্দলে বিপর্যস্ত ছাত্রদল। কিছুদিন পরপরই সংগঠনটিতে বিদ্রোহ দেখা দিচ্ছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন দল-উপদল। কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতাদের এখন আর সংগঠনের ওপর নিয়ন্ত্রণ নেই। তাই রাজনৈতিক কোনো কর্মসূচিতে ছাত্রদলের নেতাদের দেখা যায় না। বরং ছাত্রদলের ছয়টি পক্ষকে আলাদাভাবে মহড়া দিতে দেখা যায়।সংগঠনের বর্তমান নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে বিদ্রোহী ছয় পক্ষের নেতা-কর্মীরা প্রথম আলোকে বলেন, ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা কেউ ছাত্র নন। পদ পেয়েছেন বয়স্করা। সংগঠন চালানোর প্রতি মনোযোগ নেই, তাঁদের দৃষ্টি ব্যবসা-বাণিজ্যের দিকে। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেতারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছেন না। এমনকি ছাত্ররাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় মাস ধরে ছাত্রদলের কার্যক্রম নই। শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে তাঁরা সমাবেশ করেন সিরাজগঞ্জে।গত মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর শাখার নেতা-কর্মীরা নতুন কমিটির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সংবাদ সম্মেলন করে তাঁরা বলেছেন, অছাত্রদের সমন্বয়ে গঠিত মহানগর উত্তরের কমিটি ভেঙে না দিলে তাঁরা গণপদত্যাগ করবেন। গত ১৮ জানুয়ারি কমিটি গঠনের পরপরই বিদ্রোহীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই অংশের বন্দুকযুদ্ধ হয়। বরগুনায় কমিটি নিয়ে বিক্ষোভ ও মারামারি হয়েছে। রাজধানীর তেজগাঁও কলেজেও কমিটি গঠনের পরপরই বিদ্রোহ হয়েছে। নেতা-কর্মীরা বলছেন, সারা দেশেই নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা আর বিভক্তি বাড়ছে।তবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন বলেছেন, ছাত্রদলের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তার পরও ছাত্রদলকে রাজপথের লড়াই-সংগ্রামের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে ৫৫টি জেলা কমিটি হয়েছে। বাকিগুলোও এ মাসের মধ্যে হয়ে যাবে। অর্থবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি সংগঠনের বিভক্তির কথা অস্বীকার করে বলেন, ছাত্রদল বিশাল সংগঠন। মনোমালিন্য থাকতেই পারে। ষড়যন্ত্রও আছে। এগুলোতে কিছু যায়-আসে না।তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে প্রায় নির্জীব হয়ে পড়া ছাত্রদলকে গোছাতে সুলতান সালাউদ্দিনকে সভাপতি এবং আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গত বছরের ১ জুলাই ছয় মাসের জন্য ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়। সুলতান সালাউদ্দিনের ভাই মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগ রয়েছে। ৪৭ বছরের এই নেতা সর্বশেষ সংসদ নির্বাচনে পরাজিত হন। বয়স্ক এই নেতার ছাত্রদলের সাধারণ নেতা-কর্মীদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। ছাত্রত্ব নেই চল্লিশোর্ধ্ব আলিমেরও। তাই এই কমিটি বিদ্রোহের মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়।ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, মূল কমিটির বাইরে বর্তমানে ছয়টি গ্রুপ সক্রিয় রয়েছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সহসভাপতি নুরুল ইসলাম। মোতালিব প্লাজায় প্রতিদিন তিনি নেতা-কর্মীদের নিয়ে বসেন। সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়ার নেতৃত্বে আছে আরেকটি অংশ। তারা বসে মালিবাগের পাবনা কলোনিতে।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে যশোর-ঝিনাইদহের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কর্নারের আশপাশে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের নেতৃত্বে আছে আরেকটি পক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য প্রতিষ্ঠাকারী শিপন-খোকনের নেতৃত্বে একটি অংশ এ বছর বিদ্রোহ করলেও এখন তারা নিষ্ক্রিয়। এ ছাড়া ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ দিনে দিনে সক্রিয় হচ্ছে। কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রুবেল, জসীম, মিন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে দল গোছাচ্ছেন তিনি।মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্ররাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু সেখানেই এখন ছাত্রদল নিষ্ক্রিয়। ছাত্রদল বলে যে একটি সংগঠন ছিল, সেটি মানুষ ভুলেই যাচ্ছে। তাই তিনি নিয়মিত ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তোলার কাজটি করছেন।নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের এই কমিটির মেয়াদ নেই। ছয় মাসের জন্য এই কমিটি হলেও ১৫ মাস ধরে চলছে। কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ নেতা-কর্মী এখন আমার সঙ্গে আছে। ছাত্রদলের নতুন কমিটি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।’ তিনি বলেন, ছাত্রদলের বর্তমান নেতৃত্ব শুধু বিএনপিরই নয়, দেশ ও জাতিরও ক্ষতি করছেন। তাঁদের কোনো আদর্শ নেই। তাঁরা এখন ঢাকায় সমাবেশ না করে নদীর অন্য পাড়ে যান। এভাবে সংগঠন চলতে পারে না।আবদুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিএনপি, ছাত্রদল, খালেদা ও তারেক রহমানের নামে কোনো স্লোগান নেই। নতুন প্রজন্ম ছাত্রদলের পতাকাতলে আসতে পারছে না। বিভিন্ন জেলা কমিটি গঠনে অর্থ লেনদেন ও অনিয়মে জড়িয়ে পড়ছে। এতে হয়তো ব্যক্তিগতভাবে নেতারা লাভবান হচ্ছেন, কিন্তু সারা দেশে ছাত্রদল শেষ হয়ে যাচ্ছে।ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন, এই ছয়টি গ্রুপের বাইরেও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবেদের নেতৃত্বে আরেকটি অংশ এখন মহড়া দিচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের দুটি মুঠোফোনই বন্ধ। তবে ছাত্রদলের বিভক্তি আর বিদ্রোহের বিষয়ে জানতে চাইলে কিছুদিন আগে তিনি প্রথম আলোকে বলেন, যাঁরা পদ পাচ্ছেন না, তাঁরাই এখন সংগঠনের নামে আজেবাজে কথা বলছেন। কমিটির ব্যবসা-বাণিজ্য: খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হওয়ার কথা ১০১। কিন্তু গত ১ জানুয়ারি ছাত্রদলের ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি করা হয়। নেতা-কর্মীরা অভিযোগ করেন, টাকার বিনিময়ে নেতা-কর্মীদের পদ দেওয়া হয়েছে। এরপর আবার ১৭১ থেকে বাড়িয়ে ২২০ জনের কমিটি করা হয়েছে। এ ছাড়া সারা দেশের জেলা কমিটিগুলো করার নামে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বিপুল পরিমাণ টাকা লেনদেন করছেন বলে অভিযোগ বিদ্রোহী ছয়টি পক্ষের নেতা-কর্মীদের। তাঁরা প্রথম আলোকে বলেন, সারা দেশে কমিটি গঠনের নামে বাণিজ্য চলছে। এ পর্যন্ত ৪৫ জেলায় আহ্বায়ক কমিটি করা হয়েছে। সবগুলোতেই টাকার লেনদেন হয়েছে। কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, নারায়ণগঞ্জে কমিটি করতে ১৫ থেকে ২০ লাখ টাকা লেনদেন হয়েছে। গত সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে মহানগরের নেতারাও সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ করেন।বিদ্রোহী নেতারা বলেন, বর্তমান কমিটির নেতারা চেয়ারপারসনকে বলেছিলেন, আগের জেলা কমিটিতে যেসব বয়স্ক নেতা ছিলেন, তাঁদের বাদ দিয়ে তরুণদের নিয়ে কমিটি হবে। কিন্তু এখনো টাকার বিনিময়ে বিদায়ী লোকজনকে দিয়েই কমিটি হচ্ছে। এতে জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে। অভিযোগ রয়েছে, বিএনপির দুই নেতার কথায় চলছে ছাত্রদল। তাঁদের একজন ডাকসুর সাবেক ভিপি, বর্তমানে বিএনপির যুগ্ম সম্পাদক। আরেকজন ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁরা দুজন ছাত্রদলকে পকেটবন্দী করে রেখেছেন।তবে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেছেন, জেলা কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়। এগুলো ভিত্তিহীন। সংগঠনের নতুন পদে ছাত্রদের বদলে বয়স্করা কেন পদ পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবেই সবার সবকিছু বিবেচনা করেই পদ দেওয়া হচ্ছে। অতীতের সবকিছু বিবেচনা করেই নতুনদের পদ দেওয়া হচ্ছে।