কোন্দলে সক্রিয়, রাজপথে নিষ্ক্রিয় ছাত্রদল ও যুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ নিয়ে কোন্দল এবং লবিং-গ্রুপিংয়ে সক্রিয় থাকলেও রাজপথে বিএনপির কর্মসূচিতে নিষ্ক্রিয় দলের দুই অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। গত ৩০ নভেম্বর সারা দেশে বিএনপির ডাকে হরতালে এই দুই সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতা ছিল না তেমন। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ছাত্রদলসহ নিষ্ক্রিয় সংগঠনগুলোর কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেছেন।বিএনপির সূত্র জানায়, ছাত্রদল ও যুবদলের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তবে নিষ্ক্রিয়তার জন্য সংগঠন দুটির নেতারা দায়ী করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকেই। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের কয়েকজন বলেন, কেন্দ্রীয় নেতারা মাঠে না থাকলে অঙ্গসংগঠনের নেতারা মাঠে থাকতে উৎসাহ পাবেন কীভাবে? খালেদা জিয়া কেবল যুবদল, ছাত্রদলের প্রতি ক্ষুব্ধ নন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২১ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল ও ছাত্রদলকে বিএনপির আন্দোলনের মূল হাতিয়ার বলে অভিহিত করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, আন্দোলন নস্যাৎ করতে এ দুই সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে সরকার।সূত্র জানায়, মহাসচিবের ওই কথার মাত্র নয় দিন পর হরতাল কর্মসূচিতে রাজপথে যুবদল ও ছাত্রদলের নেতাদের তেমন দেখা যায়নি। রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর তৎপরতা দেখা গেলেও অন্য কোথাও তা চোখে পড়েনি। এমনকি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদলের মিছিল হয়নি। এর আগে ১৪ নভেম্বরের হরতালেও ছিল একই অবস্থা।সূত্র জানায়, সেপ্টেম্বর ও নভেম্বরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে খালেদা জিয়া যুবদল ও ছাত্রদল সম্পর্কে তাঁর মনোভাব জানান। সর্বশেষ ১ ডিসেম্বর স্থায়ী কমিটির বৈঠকে তিনি হরতালে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মাঠে না থাকার কঠোর সমালোচনা করেন। তিনি বৈঠকে উপস্থিত নেতাদের বলেন, কর্মসূচি পালনের জন্য যদি তাঁরা (অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা) মাঠে থাকতে না পারেন, তাহলে তাঁদের দিয়ে কী হবে। তিনি অতীতে হরতালে ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করে জানতে চান, ছাত্রদলের ছেলেরা এখন মাঠে নেই কেন? তাঁরা কী ভয় পাচ্ছেন, নাকি অন্য কোনো সমস্যা?বৈঠকে কয়েকজন নেতা যুবদল ও ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের কথা বলেন। পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্যা সমাধানের জন্য জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।সূত্র জানায়, খালেদা জিয়া ৩০ নভেম্বর রাতে এবং পরদিন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নেতা এমন কয়েকজনের সঙ্গে বৈঠকেও ছাত্রদলের বিষয়ে ক্ষোভ জানান। বৈঠকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ছাত্রদলের বিভিন্ন সমস্যা চেয়ারপারসনকে বোঝানোর চেষ্টা করেন। এ সময় খালেদা জিয়া বলেন, রাজপথের কর্মসূচিতে থাকতে না পারলে ছাত্রদলের এই নেতাদের দরকার নেই।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটির কয়েকটি বৈঠকে অঙ্গ-সহযোগী সংগঠনের বিষয়ে আলোচনা হয়েছে। যুবদল ও ছাত্রদলের সমস্যা নিয়েও কথা হয়েছে। বিএনপির আন্দোলন-সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ এ দুটি সংগঠনকে আরও কার্যকর করার উপায় খুঁজে দেখা হচ্ছে।রাজপথে নিষ্ক্রিয়তার অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, ছাত্রদলের বিরুদ্ধে মাঠে না থাকার অভিযোগ সত্য নয়। ছাত্রদল সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার কারণে তাঁরা রাজপথে দাঁড়াতে পারেননি। তিনি বলেন, হরতালের দিন মিছিল না করলেও ছাত্রদলের কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছিলেন। ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়িয়ে আন্দোলন জোরদার করা হবে।ছাত্রদলের নিষ্ক্রিয়তার নেপথ্যে অন্তঃকোন্দল: ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সংগঠনের নিষ্ক্রিয়তার মূলে রয়েছে অন্তঃকোন্দল। ছাত্রদলে বর্তমানে ছয়টি পক্ষ রয়েছে। এসব পক্ষের ওপর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ন্ত্রণ নেই। ছাত্রদলের প্রধান নেতাদেরও নেই নিয়ন্ত্রণ। সারা দেশে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বাণিজ্যের ব্যাপক অভিযোগ, রাজপথে না থাকা, কর্মীদের মতামতের গুরুত্ব না দেওয়াসহ বিভিন্ন কারণে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের প্রতি সাধারণ কর্মীরা আস্থা হারাচ্ছেন।এ ছাড়া সংগঠনের প্রধান দুটি পদের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদকের বর্তমানে ছাত্রত্ব নেই। সাধারণ কর্মীসহ অনেকেই তাঁদের মেনে নিতে পারছেন না। সভাপতি সুলতান সালাউদ্দিনের বয়স ৪৭ বছর। আর সাধারণ সম্পাদক আমিরুল ইসলামও চল্লিশোর্ধ্ব। তাঁদের নেতৃত্বাধীন কমিটি সংগঠনের প্রতিপক্ষ অংশের বাধায় ছাত্ররাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না। ফলে সেখানে ছাত্রদলের কার্যক্রম জোরালো নয়।কোন্দল যুবদলেও?: বিএনপি-ঘোষিত কর্মসূচি পালনের ক্ষেত্রে অতীতে রাজপথে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করলেও সংগঠনের নতুন কমিটি সেই ইতিহাস ধরে রাখতে পারছে না। এই অভিযোগ নেতা-কর্মীদেরই। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলমের মধ্যে দ্বন্দ্বের কারণে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা এসেছে বলে মনে করেন অনেক নেতা-কর্মী। এ ছাড়া যুবদলের মহানগর উত্তরসহ বেশ কিছু সাংগঠনিক জেলায় কমিটি নিয়ে প্রধান দুই নেতার মধ্যে রয়েছে মতবিরোধ। যে কারণে দেশের বেশির ভাগ স্থানে এখনো যুবদলের কমিটি গঠিত হয়নি।যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, সংগঠনের মধ্যে কোনো বিরোধ নেই। তবে বর্তমান প্রেক্ষাপট সবাইকে অনুধাবন করতে হবে। পুলিশ তো কাউকে নামতে দিচ্ছে না। এর পরও যতটা সম্ভব যুবদল কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও শক্তভাবেই যুবদল মাঠে নামবে।