কোন্দলের কারণে আ.লীগের পূর্ণাঙ্গ নগর কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চট্টগ্রাম আসছেন। পাঁচ দিন পর আগামী সোমবার আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যান্য কর্মসূচি থাকলেও উভয় নেত্রী দলীয় নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। এসব বৈঠকে দলীয় কোন্দলের বিষয়টি আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, নগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি।প্রশাসন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠান এবং সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত রেডিসন বে ভিউ হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর আজ বুধবার চট্টগ্রাম আসছেন। সফরসূচিতে গত সোমবার আকস্মিকভাবে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠানের কর্মসূচি যোগ করা হয়। এ কারণে পরিবর্তিত কর্মসূচির ফ্যাক্সবার্তা পেয়ে গতকাল থেকে প্রশাসন ওই দুই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু করেছে।দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের দলীয় বৈঠকে চট্টগ্রামের দুই মন্ত্রী ও একজন উপমন্ত্রী এবং তিন সাংগঠনিক জেলা থেকে সর্বোচ্চ ৯০ জনের সীমিত সংখ্যক তালিকা চাওয়া হয়েছে।সূত্র জানায়, দলীয় সভানেত্রীর সঙ্গে বৈঠকে দলের কোন্দলের বিষয়গুলো ওঠার সম্ভাবনা আছে। বিশেষ করে তিন বছর মেয়াদি দলের চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ গত বছরের জুনে শেষ হয়েছে। অথচ এখনো কমিটি গঠন সম্ভব হয়নি। ২০০৬ সালের ২৭ জুন দলের নগর কমিটির সর্বশেষ সম্মেলন হয়। তিন বছর পার হলেও ৭১ সদস্যের কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাত্র ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।জানা গেছে, দলের মহানগর সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে প্রভাবশালী কিছু নেতার বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। ফলে নগর আওয়ামী লীগে দুটি ধারা তৈরি হয়েছে। এদের দলের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি আলাদা পালন করতে দেখা যায়। সদর আসনের দলীয় সাংসদ নুরুল ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সাংসদের বরাদ্দ দেওয়া টাকায় নেওয়া প্রকল্প বাস্তবায়নে মেয়র বাধা দিচ্ছেন।মহিউদ্দিনের পক্ষের বলে পরিচিত নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী এনামুল হক অবশ্য দলীয় কোন্দলের বিষয়টি স্বীকার করেননি। তিনি প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটির দরকার নেই। কমিটি না হলেও দলের কোনো কর্মকাণ্ড তো থেমে নেই। আলাদা দলীয় কর্মসূচি পালনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কামাল হোসেন, আবদুর রাজ্জাকের মতো নেতারা একসময় এ রকম করেছিলেন। তাঁদের অনেককে নাকে খত দিয়ে ফিরে আসতে হয়েছে।মেয়রের বিপক্ষের নেতা সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামে বৈঠকে মহিউদ্দিন চৌধুরী আমাদের আমন্ত্রণ জানাননি। সাংসদ নুরুল ইসলাম একটি তালিকা করেছেন। মনে হয় না এ তালিকার কাউকে আমন্ত্রণ জানানো হবে।