কোপেনহেগেন অঙ্গীকার অনুমোদন দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞদের
কোপেনহেগেন-১৫ সম্মেলনে উপস্থাপন করা অঙ্গীকারকে বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন দেওয়া উচিত। এই অঙ্গীকারকে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তিতে পরিণত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা চালাতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে কমপক্ষে তিনজন জলবায়ু কূটনৈতিক নিয়োগ দেওয়া যেতে পারে। আজ সোমবার প্রথম আলোর কার্যালয়ে অতিথি হিসেবে এসে আলোচনায় অংশ নিয়ে দেশের জলবায়ু বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন।প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে কপ-১৫ সম্মেলন-উত্তর পরিস্থিতি ও বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা করেন আইনুন নিশাত, আতিক রহমান, আহসান উদ্দিন আহমেদ ও রিজওয়ানা হাসান। বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সরকারের করণীয়, আন্তর্জাতিক পরিস্থিতি ও চুক্তি নিয়ে আলোচনা করেন।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জ্যেষ্ঠ জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত আমন ধান ওঠার পরও দেশে সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ভারতের আসাম, উত্তর প্রদেশসহ বেশ কিছু স্থানে অনাবৃষ্টির জন্য তাদের চালের উত্পাদন কমে গেছে। তারা আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানি বন্ধ করায় বিশ্ববাজারে দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে।কপ-১৫ সম্মেলন-পরবর্তী সময়ে বাংলাদেশের করণীয় সম্পর্কে বলতে গিয়ে আইনুন নিশাত বলেন, কোপেনহেগেন অঙ্গীকারে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছরের জন্য ১০০ কোটি ডলারের জলবায়ু তহবিল গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশ এই তহবিল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা চাওয়ার পাশাপাশি জলবায়ু প্রশমন খাত (মিটিগেশন) থেকে অর্থ নিয়ে উন্নত প্রযুক্তির বিদ্যুেকন্দ্র স্থাপন করতে পারে। সৌর ও বায়ুচালিত বিদ্যুেকন্দ্রের জন্য জলবায়ু প্রশমন তহবিল থেকে অর্থ চাইতে পারে।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, কপ-১৫ সম্মেলন যতটা উত্তাপ তৈরি করেছে, ততটা জ্ঞান তৈরি করতে পারেনি। জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করার ব্যপারে প্রতিটি দেশই নিজেদের স্বার্থকে বিবেচনা করেছে। বাংলাদেশকে তার স্বার্থ বিবেচনা করে এগোতে হবে। সরকার বদলালেও যাতে জলবায়ু নিয়ে সমঝোতাকারী না বদলায়, সে জন্য তিনজন স্থায়ী জলবায়ু কূটনৈতিক নিয়োগের পরামর্শ দেন তিনি।মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও শহর কর্তৃপক্ষের কার্বন নিঃসরণের ব্যাপারে একমত হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরে আতিক রহমান বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও জলবায়ু পরিবর্তন রোধে নিজ দেশে চেষ্টা করে যাচ্ছেন। কার্বনকে একটি ক্ষতিকারক গ্যাস হিসেবে ঘোষণা দিতে উচ্চ আদালতে গিয়েছেন।জলবায়ু পরিবর্তন নিয়ে বুশ প্রশাসনের দীর্ঘ আট বছরের নেতিবাচক প্রচারের কারণে যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তনকে স্বীকার করে না। কংগ্রেসের বেশির ভাগ নেতা জলবায়ু চুক্তির বিপক্ষে মত দিয়েছেন—এ কথা উল্লেখ করে আতিক বলেন, এই পরিস্থিতি রাতারাতি বদলাবে না। সময় লাগবে।সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের (সিজিসি) নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার কোনো একটি বিষয়ের ৩০ বছরের পরিবর্তন বোঝায়। তিনি আরও বলেন, ২০ বছর আগে যেখানে বছরে পাঁচ-ছয়টার বেশি নিম্নচাপ হতো না, এখন বছরে ১২ থেকে ১৪টা নিম্নচাপ দেখা দিচ্ছে। ফলে মত্স্যজীবীরা সমুদ্রে বেশি সময় থাকতে না পেরে ফিরে আসছেন। তাঁদের পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাতক্ষীরার তালা উপজেলায় গিয়ে কপোতাক্ষ নদের দিকে তাকালে দেখা যাবে, নদীর বুক বসতি এলাকার চেয়ে উঁচু হয়ে গেছে।