কোপেনহেগেন অঙ্গীকারে অংশ নিতে সম্মতি দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপেনহেগেন অ্যাকোর্ডে (জলবায়ু পরিবর্তন রোধে নেওয়া রাজনৈতিক অঙ্গীকার) অংশগ্রহণের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে বাংলাদেশ সরকার।২০১০ সালে মেক্সিকোতে অনুষ্ঠেয় কোপ-১৬ সম্মেলনে আইনগত বাধ্যবাধকতাসহ একটি চুক্তির দাবিও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ফ্রেমওয়ার্ক (ইউএনএফসিসি) বরাবর একটি চিঠির মাধ্যমে এই সম্মতি ও দাবি জানানো হয়েছে। পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদারের স্বাক্ষর করা ইউএনএফসিসির কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, কোপেনহেগেন অ্যাকোর্ড অনুযায়ী বাংলাদেশ ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর (এলডিসি) জন্য কার্বন নিঃসরণ কমানোর কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত না করে কী পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে পারে সে ব্যাপারে একটি সমীক্ষা করতে রাজি আছে। এ ক্ষেত্রে জাতিসংঘকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জাতিসংঘের তহবিল থেকে অর্থ চাওয়া হয়েছে বাংলাদেশের পাঠানো চিঠিতে। ইউএনএফসিসির নির্বাহী সেক্রেটারি ইভো ডি বোয়ে অনুমতি দিলে চলতি বছর মেক্সিকোতে অনুষ্ঠেয় কোপ-১৬ সম্মেলনের সফল সমাপ্তি ও একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশ কাজ করবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।গত ৫ ফেব্রুয়ারি জাতিসংঘের মহাসচিব ও ডেনমার্কের প্রেসিডেন্ট লাসলোকেনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার বরাবর একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে কোপ-১৫ সম্মেলনে উপস্থাপিত কোপেনহেগেন অ্যাকোর্ডে বাংলাদেশ অংশগ্রহণ করতে রাজি কি না, তা জানতে চাওয়া হয়। ২৪ জানুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় এই চিঠির উত্তর দেওয়ার ব্যাপারে জলবায়ু বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক করেছে।বৈঠকে বিশেষজ্ঞরা কোপেনহেগেন অ্যাকোর্ডে অংশ নেওয়ার পক্ষে মত দেন। এ ব্যাপারে পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে কোপেনহেগেন অ্যাকোর্ডে সম্মতি জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হয়েছে। মেক্সিকোতে অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্ব জলবায়ু সম্মেলনে যাতে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি হয়, সে লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবে। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশেষজ্ঞ আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, অ্যাকোর্ডে সম্মতি জানিয়ে বসে থাকলে হবে না। বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে সমমনা দেশগুলোর সঙ্গে যোগোযোগ বাড়াতে হবে। ইউএনএফসিসি থেকে যে তহবিল দেওয়ার ঘোষণা করা হয়েছে, তা পাওয়ার জন্য দেশের অভ্যন্তরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। ইউএনএফসিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ কিউবা, ভেনেজুয়েলা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালু কোপেনহেগেন অ্যাকোর্ডে সম্মতি না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার জোট—বেসিক এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে অ্যাকোর্ডে সম্মতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।