কোপেনহেগেনের পুনরাবৃত্তি হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত হয়তো ঠিক এক বছর আগের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কানকুনে। আজ শনিবার শেষ দিন হলেও স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা পর্যন্ত সম্মেলন কেন্দ্র মুন প্যালেস ছেড়ে যেতে পারেননি প্রায় দেড় শ দেশের মন্ত্রীসহ হাজার পাঁচেক সমঝোতাকারী। আলোচনার আনুষ্ঠানিক পথে কোনো মতৈক্যে পৌঁছাতে না পেরে চেষ্টা চলছিল অনানুষ্ঠানিকভাবে সমঝোতার পথে যাওয়ার। আজ শনিবার সকাল থেকে আলোচকেরা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বসবেন। তিন দিন আগে কনফারেন্স অব পার্টির (সিওপি) সভাপতির তৈরি করে দেওয়া পাঁচটি বিষয়ের ওপর ১০ জনের কমিটি কানকুন আলোচনায় শেষ পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশসহ ১০টি দেশের সমন্বয়ে তৈরি এই কমিটি সবগুলো দেশ ও জোটের সঙ্গে বৈঠক করেছে। সভাপতি তাদের সুপারিশগুলোকে একত্র করে সমঝোতার চূড়ান্ত খসড়া তৈরি করবেন। আজ স্থানীয় সময় দুপুরের পর থেকে (বাংলাদেশ সময় মধ্যরাত) থেকে আনুষ্ঠানিক বা প্যানেল আলোচনা শুরু হবে। গত বছর ডেনমার্কের কোপেনহেগেনে একই অনানুষ্ঠানিক কায়দায় একটি রাজনৈতিক মতৈক্যে পৌঁছায় দেশগুলো। কানকুন সম্মেলনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া কেউ কোপেনহেগেন মতৈক্য নিয়ে আলোচনা করতে চাইছে না। তবে কানকুন সমঝোতায় হাতে গোনা কয়েকটি বিষয় ছাড়া বেশির ভাগই যুক্ত করা হয়েছে। বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে সমঝোতার পথে বেশ কিছুটা অগ্রসর হওয়া গেছে। দেশগুলোর মধ্যে মত ও পথের পার্থক্য কমে এসেছে।’কানকুন ঘোষণা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে একটি স্বতন্ত্র জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের ব্যাপারে মতৈক্য হয়েছে। বেশির ভাগ দেশ বনায়ন ও পুনর্বনায়নের মাধ্যমে কার্বনের পরিমাণ কমানোর উদ্যোগ (রেডপ্লাস) খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়ে এই অর্থ ছাড় করার পক্ষে মত দিয়েছে। এদিকে বেশির ভাগ দেশ কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে গররাজি। ২০০৭ সাল থেকে ইন্দোনেশিয়ার বালি, পোল্যান্ডের পোজনেন ও ডেনমার্কের কোপেনহেগেনে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর ব্যাপারে যে প্রস্ত্তাব ও সুপারিশগুলো করা হয়েছে, ধনী দেশগুলো তা মানতে চাইছে না। শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো ১৪০টি দেশের স্বাক্ষর করা কোপেনহেগেন মতৈক্য মানতে রাজি হচ্ছে না।গতকাল রাষ্ট্রগুলোর পক্ষে প্লেনারি আলোচনায় মন্ত্রী ও সরকার বা রাষ্ট্রপ্রধানেরা আগামী বছর দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তির ব্যাপারে কানকুনেই একটি রূপরেখা তৈরির আহ্বান জানান। জাতিসংঘের আন্ত সরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনে চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু সে লক্ষ্যে ২০২০ সালের মধ্যে বিশ্বের কার্বন নিঃসরণের পরিমাণ ১৯৯০ সালের তুলনায় ৪০ শতাংশ কমিয়ে নিয়ে আসার প্রস্তাবে একমত হতে পারেনি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো। বিজ্ঞানীদের সুপারিশ ও বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর দাবি উপেক্ষা করে চলমান জলবায়ু সমঝোতার মূল খসড়ায় বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন নিঃসরণের পরিমাণ ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। সম্মেলন চলাকালীন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোপেনহেগেন মতৈক্য অনুযায়ী নিঃসরণ কমালেও চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। আর যদি নিঃসরণের পরিমাণ ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ কমানো হয়, তাহলে চলতি শতাব্দীর মধ্যে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বাংলাদেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য তা হবে মহাবিপর্যয়কর। আইপিসিসির সদস্য আহসান উদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সমঝোতার খসড়ায় কার্বন নিঃসরণ কমানোর সময়সীমা ৩০ বছর বাড়ানো হলে তার সঙ্গে একমত হওয়া বাংলাদেশের জন্য আত্মহত্যার শামিল হবে। এ ব্যাপারে বাংলাদেশকে সোচ্চার হতে হবে। গতকাল সম্মেলনে সমঝোতার জন্য তৈরি করা খসড়া দলিলে বলা হয়েছে, বিশ্বের বায়ুমণ্ডলে কার্বন কেন্দ্রীভবনের পরিমাণ ৩৫০ পিপিএমের (পার্টস পার মিলিয়ন) মধ্যে রাখতে হবে। আর রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে নিঃসরণের পরিমাণ ৫০ শতাংশ কমাবে। বিশ্বনেতাদের আলোচনা পর্বে প্রতিটি দেশ তার আগের অবস্থানে অনড় থেকে বক্তব্য দিয়ে গেছে। জাতিসংঘ জলবায়ু তহবিলে উদীয়মান অর্থনীতির দেশগুলো ভাগ বসাবে না বললেও কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে তারা অঙ্গীকার করছে না। গতকাল ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ এবং চীন ও ব্রাজিলের প্রতিনিধি আইপিসিসির সুপারিশ অনুযায়ী নিঃসরণ কমানোর ব্যাপারে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ ইস্যু কার্বন নিঃসরণ কমানোর কোনো অঙ্গীকার ছাড়া শুধু তহবিল গঠনের ঘোষণা ও তা ছাড়ের পদ্ধতি স্থির করে কানকুন সম্মেলন শেষ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার পরেও শেষ মুহূর্তের চমকের আশাও ছেড়ে দেননি কেউ।