কোম্পানি আমলে ঢাকায় বাবুর্চির আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাবুর্চিদের কেউ কাজ করেন উচ্চবিত্তদের অনুষ্ঠানে কিংবা অভিজাত রেস্তোরাঁয়, কারও কর্মক্ষেত্র মধ্যবিত্ত সমাজে, কেউ বা নিম্নবিত্ত সমাজে বাবুর্চিগিরি করে থাকেন। বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাবুর্চিদের পদবি ‘বাবুর্চি’ ও ‘কুক’। তাঁরা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিযুক্ত। এ হিসেবেই তাঁদের বেতন কাঠামো নির্ধারিত। ড. আবদুল করিমের মোগল রাজধানী ঢাকা গ্রন্থ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকা কুঠি প্রতিষ্ঠার সময়ে বাবুর্চিদের বেতনের পরিমাণ জানা যায়। ওই গ্রন্থে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড থেকে বেতনের বিবরণ নেওয়া হয়। এ বিবরণ অনুযায়ী, ১৭২৩ খ্রিষ্টাব্দে ঢাকা কুঠি প্রতিষ্ঠিত হয়। তখন কলকাতা কাউন্সিল ঢাকা কুঠির বাবুর্চি ও খাদ্য তত্ত্বাবধানকারীর জন্য প্রতি মাসে ১০ টাকা বেতন নির্ধারণ করে। এই ১০ টাকা কতজনকে দেওয়া হতো, তা উল্লেখ করা হয়নি। বেতনের বিবরণ মতে, প্রতি মাসে দুজন মালীর বেতন ছিল চার টাকা। মশালচির (যিনি বাতি জ্বালান) বেতন দুই টাকা।আবদুল করিম উল্লেখ করেছেন, ১৭৪৫ খ্রিষ্টাব্দে ঢাকা কুঠিতে কর্মচারীদের তালিকায় তাঁদের নামের পাশে বেতনের পরিমাণ দেওয়া হয়। সেখানে একজন ধোপার বেতন দেখানো হয়েছে চার টাকা, নাপিতের বেতন আড়াই টাকা। এতে বাবুর্চি ও ঝাড়ুদারদের বেতন আলাদা করা যায় না। কারণ, তাঁদের বেতন একসঙ্গে দেখানো হয়েছিল। একই বিবরণের অন্য স্থানে একজন ঝাড়ুদারের বেতন মাসে এক টাকা বলা হয়েছে। এ জন্য বলা যায়, বাবুর্চির বেতন মাসে অন্তত এক টাকা ছিল।এদিকে কোম্পানি আমলে মুসলমান পরিবারে রান্নার কাজে কর্মরত নারীদের মজুরির একটি বিবরণ দেওয়া আছে জেমস্ টেলরের (অনুবাদ: মোহাম্মদ আসাদুজ্জামান) কোম্পানি আমলে ঢাকা গ্রন্থে। এতে উল্লেখ করা হয়েছে, রান্নার কাজে কর্মরত নারীরা খাবার, পান, তামাক, পোশাক ছাড়াও মাসিক ১০ আনা থেকে এক টাকা পর্যন্ত বেতন পেতেন।শরীফ উদ্দিন আহমেদের ঢাকা ইতিহাস ও নগর জীবন ১৮৪০-১৯২১ গ্রন্থে ১৮৫৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত ঢাকা নিউজ-এর একটি মন্তব্য যুক্ত করা হয়েছে। মন্তব্যটি এমন, ‘কুমকুম মৌসুমে ঢাকা শহরের জনগণকে এক পাগলামিতে পেয়ে যায়। ছুতার, কামার, বাবুর্চি, গৃহ-ভৃত্য সবাই হলদে রং-এর ব্যবসায় ঝুঁকি নেয়। এ জাতীয় লোকেরাই উৎকৃষ্ট ও নিকৃষ্ট হলদে রং-এর মিশ্রণ ঘটিয়ে তা উৎকৃষ্ট বলে বাজারে চালিয়ে দেয়।’ এ মন্তব্য থেকে ধারণা করা যায়, কোম্পানি আমলের শেষদিকে ঢাকার সমাজে বাবুর্চিদের আর্থিক অবস্থা ছুতার, কামার ও গৃহভৃত্যদের কাছাকাছি ছিল।