কোম্পানি ছাড়া মালয়েশিয়ায় নিবন্ধন না করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের কোম্পানি ছাড়া নাম নিবন্ধন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। কারণ, কোম্পানি ছাড়া নাম নিবন্ধন করলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যা হতে পারে। আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ-সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখায় যোগাযোগ করতে বলা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, কোম্পানি ছাড়া নাম নিবন্ধন করলে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি হলে ওই শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হতে পারে। তাই কেউ যেন কোম্পানি ছাড়া নাম নিবন্ধন না করেন, সে ব্যাপারে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। ১ আগস্ট থেকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই কার্যক্রমের ফলে দেশটিতে বসবাসরত অবৈধ প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস প্রথম আলোকে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই অবৈধ শ্রমিকেরা বৈধ করার দাবি জানিয়ে আসছিলেন। এই কার্যক্রমের ফলে অবৈধ হয়ে পড়া সব বাংলাদেশি শ্রমিক বৈধভাবে এখানে থাকতে পারবেন। এ ছাড়া এই সুযোগে কেউ যদি দেশে ফিরতে চান, তাহলে সে সুযোগও পাবেন।’ ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এর ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় যাওয়া কয়েক লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন।