নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ বছরের এক কিশোরের গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ আজ সোমবার সকালে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ওসি রফিক উল্লাহকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।প্রসঙ্গত, গত ২৭ জুলাই সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ বছরের কিশোর শামছুদ্দিন মিলন গণপিটুনিতে নিহত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি মিলনকে পুলিশের একটি গাড়ি থেকে নামিয়ে জনতার হাতে তুলে দিচ্ছে। পরে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে।পরে ছেলেকে হত্যার অভিযোগ এনে তার মা বাদী হয়ে আদালতে মামলা করেন। এ ঘটনায় ‘দায়িত্বে অবহেলার অভিযোগে’ গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তিন পুলিশসদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমা।মিলন কোম্পানীগঞ্জের চরফকিরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, তবে এসএসসি দেয়নি। সে চট্টগ্রামে একটি কোম্পানিতে কাজ করে। কয়েক দিন আগে সে বাড়ি এসেছিল। চার ভাইয়ের মধ্যে মিলন সবার বড়। তার বাবা বিদেশে থাকেন।