কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন ছয়জন ডাকাত নিহত হয়েছে। এর আগে সন্দেহভাজন ডাকাতদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি লম্বা চাকু, বন্দুকের ১৪টি তাজা গুলি এবং চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে।গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল বুধবার ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার রহিম মিয়ার টেকে এসব ঘটনা ঘটে। গুলিতে নিহত যুবকের নাম মোশারফ হোসেন ওরফে মাসুদ (২৬)। গণপিটুনিতে নিহত ডাকাতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আলাউদ্দিন (২৬), পিচ্ছি কালাম (২৬), মো. ফারুক (২৮) ও মো. হেলাল ওরফে নিগ্রো হেলাল (২৯)। জানা গেছে, নিহত আলাউদ্দিন, কালাম, ফারুক ও হেলালের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। গ্রামবাসীর সহায়তায় জহিরুল ইসলাম (২৬), মো. আবদুল্লাহ (২৭) ও নুর মোহাম্মদ (১৯) নামের তিনজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিম মিয়ার টেকে ২০-২৫ জনের ডাকাত দল আলমগীরের দোকানে ডাকাতির চেষ্টা করে। ওই সময় সামনের রাস্তা দিয়ে রিকশাচালক কামাল উদ্দিন (২৭) যাচ্ছিলেন। তাদের দেখে তিনি চিৎকার করলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে আহত করে এবং টাকা-পয়সা লুটে নেয়।ডাকাত দলের কয়েকজন দোকানে ঢুকে আলমগীর (২৮) ও তাঁর শ্যালক সোহেলকে (১৮) কুপিয়ে আহত করে। ইতিমধ্যে রিকশাচালক কামালের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে সোহেলের বড় ভাই মোশারফ ও তাঁর বাবা মো. রফিক (৫০) এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মোশারফ গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন মোশারফ, সোহেল, আলমগীর ও কামালকে উদ্ধার করে দ্রুত প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোশারফ মারা যান। আহত অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।সূত্র জানায়, রহিম মিয়ার টেক থেকে ডাকাতেরা চরকাঁকড়ার ঘটকাওয়ালার বাড়ি ও পার্শ্ববর্তী রামপুর ইউনিয়নের যুক্তরাষ্ট্র-প্রবাসী জামালের বাড়িতে ডাকাতি করে। এরই মধ্যে রহিম মিয়ার টেকের ঘটনা এবং ওই দুটি ডাকাতির ঘটনা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, রাত সোয়া একটার দিকে তাঁরা ডাকাতির খবর পান। তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করার পর আরও দুই বাড়িতে ডাকাতির খবর পান। এরপর জনগণের সহায়তায় ডাকাতদের ধরতে পুরো এলাকায় পুলিশ তল্লাশি শুরু করে। এ সময় ডাকাত দলের সন্দেহভাজন নয় সদস্যকে গ্রামবাসীর সহায়তায় আটক করা হয়।ওসি জানান, আটকের পর শত চেষ্টা করেও তাঁরা তিনজন ছাড়া অন্যদের রক্ষা করতে পারেননি। গ্রামবাসী পিটিয়ে ছয়জনকে গ্রামের বিভিন্ন স্থানে ফেলে রাখে। পরে চারজনকে মৃত এবং দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজন মারা যায়। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার আগে লাশগুলো কোম্পানীগঞ্জ থানা চত্বরে এনে রাখা হলে সেখানে হাজার হাজার মানুষকে ভিড় করতে দেখা গেছে।থানা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে পিচ্ছি কালামের বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিগ্রো হেলাল অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত এবং একটি ডাকাতির মামলায় পরোয়ানার আসামি। আলাউদ্দিন একটি ডাকাতি ও একটি চুরির মামলার পলাতক আসামি। নিহত বাকিদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় কোনো ডাকাতির মামলা রয়েছে কি না, দেখা হচ্ছে।পুলিশ জানায়, ডাকাতি ও গুলিতে যুবক নিহত এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ডাকাতদের এসব মামলায় আসামি করা হবে।খবর পেয়ে দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ঘটনাস্থলে যান। তিনি বলেন, গণপিটুনিতে যারা নিহত হয়েছে, তারা এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। কয়েকজনের বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে।আড়াই মাস আগে আরেক গণপিটুনি: প্রায় আড়াই মাস আগে গত ২০ মে সন্ধ্যায় মুছাপুরের থানার হাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে জসিম উদ্দিন ওরফে ফোলা জসিম (৪০) ও আলাউদ্দিন (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। জানা গেছে, কোম্পানীগঞ্জে প্রায়ই রাতে ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। চরকাঁকড়া গ্রামের বাসিন্দা আবু ছায়েদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘কোম্পানীগঞ্জে প্রবাসীর সংখ্যা বেশি। প্রায় দিনই কোনো না কোনো প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। কোনো রাতে একাধিক বাড়িতেও ডাকাতি হয়। কিন্তু থানায় ডাকাতির মামলা দিতে গিয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়। পুলিশ সহজে মামলা নেয় না। নিলে আবার চুরির মামলা নেয়। এ জন্য এখন মানুষ সুযোগ পেয়ে আইন হাতে তুলে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ডাকাতেরা শুধু মালামাল ও স্বর্ণালঙ্কারই লুট করে না, লুটে নেয় নারীদের ইজ্জত। অনেক পরিবার লোকলজ্জার ভয়ে ওই সব বিষয় থানার পুলিশকে জানায় না।’ পৌর শহরের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘এখানে ডাকাতি নিত্যদিনের ঘটনা। পুলিশ প্রশাসন দুর্বল। তা ছাড়া রয়েছে রাজনৈতিক নেতাদের হাত। কারণ, অনেক চিহ্নিত ডাকাত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। গণপিটুনি দিয়ে হত্যার মাধ্যমে তাঁরা কিছুটা সুযোগ নিয়েছেন।’পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘থানায় কেউ ডাকাতির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এলে অবশ্যই মামলা নেওয়া হয়। কোনো পুলিশ কর্মকর্তা মামলা নিতে চান না, এমন অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।