কোয়ালিটি ব্লাড ব্যাংকের কাণ্ড!
কোয়ালিটি ব্লাড ব্যাংক নাম হলেও মাদকাসক্ত পেশাদার রক্তদাতাদের রক্ত সংগ্রহ করত প্রতিষ্ঠানটি। এভাবে মাত্র ২৩০ টাকায় এক ব্যাগ রক্ত কিনে এই ব্লাড ব্যাংক তা বিক্রি করত এক হাজার ৪০০ টাকায়। এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ২৪৯ নম্বর মগবাজারে কোয়ালিটি ব্লাড ব্যাংকের কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় র্যাব।র্যাব-৩-এর মেজর সাদিকুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় মাদকাসক্তদের কাছ রক্ত সংগ্রহ করতে থাকা ব্লাড ব্যাংকটির তিন মালিকসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। তিন মালিক হলেন দুলাল মিয়া (৩৫), জহিরুল ইসলাম (২৫) ও আবদুুল মোতালেব আলী (৬০) এবং অন্যজন টেকনিশিয়ান মোতালেব হোসেন (২৫)।অভিযানে তল্লাশি চালিয়ে ৪৩ ব্যাগ রক্ত জব্দ করা হয়। এসব অভিযোগে আটক চারজনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।অভিযানের সময় পেশাদার রক্তদাতা সোহেল মিয়া র্যাবকে জানান, মাত্র ১০-১২ দিন আগেও তিনি কোয়ালিটি ব্লাড ব্যাংকে এসে রক্ত বিক্রি করেছেন।এ ব্যাপারে আনোয়ার পাশা প্রথম আলো ডটকমকে বলেন, ‘জব্দ করা রক্ত সংগ্রহ করার কোনো কাগজ দেখাতে পারেননি আটক হওয়া ব্যক্তিরা। তিনি দাবি করেন, ব্লাড ব্যাংকের মালিক দুলাল স্বীকার করেছেন তাঁরা দালালের মাধ্যমে এই রক্ত সংগ্রহ করতেন। মাদকাসক্ত পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে প্রতি ব্যাগ রক্ত কেনা হতো মাত্র ২৩০ টাকায়। আনোয়ার পাশা আরও জানান, টেকনিশিয়ান মোতালেব হোসেন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিজেই চিকিত্সকের স্বাক্ষর দিয়ে রক্ত পরীক্ষার রিপোর্ট তৈরি করতেন।