কোয়েটায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক লোক। আজ রোববার ডনের অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গতকাল শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হাজারা এলাকার একটি ব্যস্ত মার্কেটে এই বোমার বিস্ফোরণ ঘটে।নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াজির খান নাসিরের বরাত দিয়ে ‘ডন’ জানায়, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৭৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশির ভাগ লাশই ধসেপড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এটা ছিল সাম্প্রদায়িক হামলা। এ হামলার লক্ষ্য ছিল সেখানকার শিয়া সম্প্রদায়।’কোয়েটার পুলিশপ্রধান জুবায়ের মেহমুদ বলেন, ‘বিস্ফোরণ ঘটানো বোমাটি রাখা ছিল একটি পানির ট্যাংকির ভেতরে। এতে প্রায় ৮০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল। আমাদের আশঙ্কা, এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকাজ চলছে। তবে আটকা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।’বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রসচিব আকবর হুসেইন দুররানি বলেন, ওই বোমা হামলার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা সেখানকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছি।’বেলুচিস্তান প্রদেশের গভর্নর নওয়াব জুলফিকার আলী মাগসি আজ রোববার এক দিনের শোক ঘোষণা করেছেন। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, মুত্তাহিদা কওমি আন্দোলনের প্রধান আলতাফ হোসেইন।