কোরআন-সুন্নাহবিরোধী আইন বা সিদ্ধান্ত মানবেন না আলেমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো আইন কোরআন-সুন্নাহর বিরোধী হলে সেটা মানবেন না কওমি মাদ্রাসার আলেম ওলামারা। যদি আদালতের কোনো নির্দেশ-আদেশও এমন হয়, তাহলে তাও মেনে নেওয়া হবে না।আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষানীতি ২০১০ সম্পর্কে ওলামা মাশায়েখদের এক মতবিনিময় সভায় আলেমরা এসব কথা বলেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া এই মতবিনিময়ের আয়োজন করে। সারা দেশের কওমি মাদ্রাসার আলেমরা এতে বক্তব্য দেন।বেফাকুলের মহাসচিব মাওলানা আবদুল জাব্বার সভায় উদ্বোধনী বক্তব্য দেন। এতে তিনি বলেন, জাতিকে একটি শিক্ষানীতি উপহার দেওয়া নিঃসন্দেহে সরকারের সাফল্য। আর এতে যেসব সমস্যা, অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি রয়েছে, তা দূর করে একে সর্বাঙ্গীন সুন্দর করা সরকারেরই কর্তব্য।উদ্বোধনী বক্তব্যে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে সব বিষয় না পড়ানো, প্রাথমিক পর্যায়ে আরবি ভাষায় শিক্ষা দেওয়া, প্রাথমিক পর্যায়ে অভিন্ন পাঠ্যক্রম না রাখা, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় না আনাসহ বিভিন্ন দাবি জানানো হয়।পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদ্রাসার শিক্ষকেরা বক্তব্য দেন। তবে তাঁদের বক্তব্যে শিক্ষানীতি নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা সমালোচনার চেয়ে ঢালাও অভিযোগ স্থান পেয়েছে। আর বেশির ভাগ বক্তব্যই বোরকা বাধ্যতামূলক না করার বিষয়ে উচ্চ আদালতের রায়ের সমালোচনা ওঠে এসেছে। এ ছাড়া ধর্মনিরপেক্ষতার কঠোর সমালোচনা করেন তাঁরা।সভাপতির বক্তব্যে বেফাকুলের সহসভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, ‘কোনো শাসনকর্তা এমনকি আদালতও যদি কোরআনের বিরুদ্ধে আইন করে বা রায় দেয়, তাহলে আমরা তা মানতে পারব না।’ তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা একটি ভুল কথা। সবাই নিজ নিজ ধর্মের পক্ষে, কেউ ধর্মনিরপেক্ষ হতে পারে না। প্রধানমন্ত্রী আমাদের ওয়াদা করেছিলেন, কোরআন-সুন্নাহবিরোধী কিছু করা হবে না। কিন্তু এখন করা হচ্ছে। এমন কোনা আইন যদি বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এ দেশের মানুষ তা মানবে না।’বেফাকুলের সহসভাপতি আনোয়ার শাহ বলেন, ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষ ধর্ম পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ইসলাম সব ধর্মাবলম্বীকে সব অধিকার দিয়েছে। মদিনা সনদে ইহুদি, পৌত্তলিকসহ অনেক ধর্মের মানুষের অবস্থানকে মেনে নেওয়া হয়েছে। তবে এখন ধর্মনিরপেক্ষতার নামে যা চলছে, সেটা ধর্মহীনতার নামান্তর।