কোরবানির আগেই দেশ থেকে অ্যানথ্রাক্স নিশ্চিহ্ন হবে: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানি ঈদের আগে দেশ থেকে অ্যানথ্রাক্স নিশ্চিহ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। আজ রোববার মন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে এবং দেশ থেকে যেন নিশ্চহ্ন হয়ে যায় তাই মত্স্য, স্বরাষ্ট্র ও পরিবেশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২৫ জন সদস্যকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হচ্ছে। দেশে বর্তমানে ছয় কোটির মতো গরু-ছাগল আছে। কিন্তু আক্রান্ত হয়েছে মাত্র ৪৬টি গরু ও ৫৬টি ছাগল। যেসব এলাকায় আক্রান্ত হয়নি, সেখানে যেন এ রোগ না ছড়ায় সে চেষ্টা করা হচ্ছে। ঢাকায় এ রোগ সংক্রমণ হয়েছে কি না?—সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। যেসব এলাকায় হয়নি যেসব এলাকায় ভ্যাকসিন দেওয়া হবে না।সতর্কতা অবলম্বনের পরও কেন এখনো এ রোগ ছড়াচ্ছে—এমন প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, আগেই এ রোগের জীবাণু ছড়িয়ে গিয়েছিল। তাই এখন এ রোগ দেখা দিয়েছে।