কোরবানির ঈদ কাল
পবিত্র হজ পালিত হয়েছে। কোরবানির প্রস্তুতিও প্রায় শেষ। রাত পোহালেই ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহা।আগামীকাল সোমবার দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। ঈদুল ফিতরের ক্ষেত্রে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে যেমন দোদুল্যমান অবস্থা হয়, এই ঈদে তেমনটি হয় না। জিলহজ মাসের চাঁদ ওঠার পর হাতে বেশ সময় থাকে। কোরবানির পশু কেনা থেকে বাক্সপেটরা গুছিয়ে স্বস্তির সঙ্গে প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকে। তবে এই প্রস্তুতির সঙ্গে শহর ছেড়ে একযোগে গ্রামে ফেরা হয় বলে ভোগান্তিতেও পড়তে হয়। কিন্তু পরিবারের সঙ্গে পুনর্মিলন আর নাড়ির বন্ধনের কাছে সেও তুচ্ছজ্ঞান করে মানুষ।প্রায় চার হাজার বছর আগে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজের ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বার কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের জন্য পশু কোরবানি করে থাকেন।বাংলাদেশের মুসলমানরা সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সোমবার দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিবনির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলির মাধ্যমে।নামাজ শেষে অনেকেই যাবেন কবরস্থানে স্বজনের কবর জিয়ারত করতে। আনন্দের দিনে অশ্রুসিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে করজোড়ে মোনাজাত করবেন তাঁরা।বাড়ি ফিরে আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মাধ্যমে ঈদের প্রধান কর্তব্য সম্পন্ন করবে মুসলমান সম্প্রদায়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হলেও পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার বিধান আছে।পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতো দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। টেলিভিশন ও বেতার থেকে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।শুভেচ্ছা বিনিময়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আমন্ত্রিত অতিথি এবং সাধারণ মানুষের সঙ্গে এবং বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ইস্কাটনের লেডিস ক্লাবে দুপুর ১২টা ১৫ মিনিটে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।