কোরবানির গরু কেনার কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির জন্য গরু অথবা কিতাব অনুমোদিত অন্য কোনো চতুষ্পদ প্রাণী ক্রয় করা সম্পর্কে আমার সাফ স্বীকারোক্তি হলো যে এই কর্তব্যটি আমি নিজে কোনো দিন পালন করিনি। কোরবানির সঙ্গে ত্যাগের বিষয়টি জড়িত। তাই হুজুরেরা যথাযথই নসিহত করেন যে কোরবানির পশুটির ক্রয়-প্রক্রিয়ায় কোরবানিদানকারীর সম্পৃক্ততা বাঞ্ছনীয়। কারণ, তাতে পশুটির সঙ্গে একটা সম্পর্কের সৃষ্টি হয় এবং কোরবানির আগে পশুটিকে খাইয়ে-দাইয়ে হূষ্টপুষ্ট করলে সেই সম্পর্কটি দানা বাঁধে, যার ফলে কোরবানির ত্যাগ হয় অধিকতর অর্থবহ। কিন্তু এই পুণ্যকর্মটি থেকে আমার বিরত থাকার আসল কারণটি হলো প্রায় মানসিক রোগেরই পর্যায়ের—রক্তভীতি। সেই রক্ত মানুষেরই হোক অথবা অন্য কোনো পশুর। কোরবানির জন্য কেনা পশুটির অচিরেই রক্ত ঝরার নিশ্চয়তাটি আমাকে কাতর করে তোলে। জবাই করা রক্তক্ষয়রত পশুর দৈবাৎ দর্শনের সুদূরপরাহত সম্ভাবনাও আমার রক্তচাপ বৃদ্ধি করে। তাই এ বিষয়ে আমার চেয়ে যারা বেশি সাহসী, তারা আমার চেয়ে বেশি পুণ্যবান। আমার মনে পড়ে, ১৯৭২ সালে আমি ঢাকায় সত্যজিৎ রায়কে রসোচ্ছলে বলেছিলাম যে আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমি রক্ত একবারই দিয়েছি। ষাটের দশকে ঢাকায় সত্যজিৎবাবুর মহানগর ছবিটি দেখার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ মাত্র এক দিনের অনুমতি দিয়েছিল। টিকিট কেনার প্রচণ্ড ভিড়ে টিকিট কাউন্টারের কাচ ভেঙে আমার হাত কেটে গিয়েছিল। তাঁর মৃত্যুর বছর দুয়েক আগে কলকাতায় যখন তাঁর বাসভবনে দেখা করতে গিয়েছিলাম, তখন আমার নিজের কথাটাই সত্যজিৎবাবু আমাকে মনে করিয়ে দিয়েছিলেন। মহানগর দেখার জন্য রক্তদান—ঘটনাটি তাঁকে আমোদই দিয়েছিল। তবে রক্তভেজা টিকিট দিয়ে মহানগর কজনই বা দেখেছেন আমার বিপর্যস্ত মন নিয়ে।কোরবানির ঈদে সম্ভব হলে আমি ঢাকার বাইরে চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সে ক্ষেত্রেও সব সময় বিপদমুক্ত হওয়া যায় না। নব্বইয়ের দশকের শুরুতে একবার কোরবানির ঈদে কক্সবাজার চলে গিয়েছিলাম। তবে সেটা ছিল ‘ফ্রাইং প্যান’ থেকে ‘ফায়ারে’ অর্থাৎ কড়াই থেকে আগুনে পড়ার মতো একটা অবস্থা। আমি তখন ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত। ঈদের দিন সাতসকালে মাইক্রোফোনে কাছের একটি জামাতের ইমামের ওয়াজ কানে এল, হোটেল কামরার বন্ধ দরজা ভেদ করে। তিনি বললেন, বাংলাদেশে ‘ব্র্যাক’ খুব তৎপর। ব্র্যাক আসলে হচ্ছে ‘নাসারা’দের গোলাম। তাদের নির্মূল করতে হবে। কথাটি শুনে শরীরে কাঁপন অনুভব করেছিলাম।লিখতে বসে এই নিবন্ধটি আমাকে ভাবিয়েই তুলেছিল এই কারণে যে, ‘আমি কোরবানির পশু কোনো দিন কিনিনি’—এই কথাটিতে সম্পাদক সাহেবের ঈদের ফিরনি কেন, চিঁড়েও ভিজবে না। হঠাৎ মনে হলো, আমি না হয় কোরবানির পশু ক্রয় করি না, কিন্তু এ দেশের লাখ লাখ মোমিন মুসলমান তো তা অবশ্যই করেন। লাখ লাখ মোমিন মুসলমানের কথা ভাবতেই প্রথমে মনে পড়ল আমার বাসার একজন সহকারী মুনীর হোসেনের কথা। মুনীর এসএসসিতে জিপিএ-৪ পাওয়া অত্যন্ত বুদ্ধিমান একটি ছেলে। সে প্রায় প্রতিবছরই তার গ্রামের বাড়ির কোরবানির গরু কেনায় সম্পৃক্ত থাকে। ভাবলাম, কোরবানির পশু ক্রয়ের বিষয়টিতে আমি কেন তার কাছ থেকে জ্ঞান লাভ করি না? তাই নিবন্ধটির ভাষা ও উপস্থাপনের দুর্বলতা আমার, কিন্তু তথ্যের যথার্থতা মুনীর হোসেনের।কোরবানির জন্য এ দেশের পশুকুলকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম শ্রেণীর গবাদিপশু বহিরাগত, অনুপ্রবেশকারী। এগুলো সুঠামদেহী ও স্বাস্থ্যবান। চকচকে এদের চামড়া। পেশিবহুল শরীর। বিদেশের এসব গবাদিপশুর তুলনায় স্বদেশের গোসম্পদ দুর্বলতর। এদের মধ্যে মূল্যের তারতম্যও বিপুল। তাই বিদেশের গরুর চেয়ে স্বদেশের রুগ্ণ চতুষ্পদের কাটতি অনেক বেশি। গ্রামবাংলার বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এটাই কোরবানির হাটের রেখাচিত্র। আবার বহিরাগত ‘সুপার প্রথম শ্রেণী’ কোরবানির জীব, বিশেষ ঐতিহ্যবাহী উটও রয়েছে। সংখ্যায় এরা স্বল্প, তবে শহরের হাটবাজারে এদের মন্থর উদাসীন পদচারণ দৃষ্টিগোচর হয় বৈকি। ধারণা এই যে তাদের আদি বাসস্থান রাজস্থানের মরুভূমি। সেখান থেকে যে পথে পাঠান-মোগলরা এই বাংলায় এসেছিলেন, রাজস্থানি উটের কাফেলা মোটামুটি সেই পথ ধরেই আসে তাদের সুদীর্ঘ গ্রীবা বাঙালি কোরবানিদাতার সুতীক্ষ ছুরিকার নিচে।বর্তমানে স্বদেশ লালিত-পালিত আপেক্ষিকভাবে রুগ্ণ গবাদিপশুর সংখ্যাগরিষ্ঠতা আমাদের হাটবাজারে বিপুল। তবে যদি কোনো দিন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হয়, তা হলে এই নিবন্ধে বর্ণিত রেখাচিত্র ইতিহাসের ডাস্টবিনে ঠাঁই পাবে। তখন হয়তো এই বাংলার গ্রামগঞ্জে দেখা যাবে, খাস আরবি উটের কাফেলা আর এই দেশেরই লালিত-পালিত সুস্থ-সবল চতুষ্পদ গবাদিপশু। তত দিনে আমাদের ‘অ্যালিভেটেড হাইওয়েতে’ চলবে সিটবেল্ট পরা চালকের মোটরগাড়ি আর হেলমেট পরা মোটরসাইকেলের মিছিল, আর আরবি উট ও বাংলাদেশি গবাদিপশু চলবে তাদের নিজ নিজ পৃথক পথে, বর্তমানের যানজটের দ্রুত-ধীর মিশ্রণে নয়। তবে সে তো স্বপ্নের কথা। দিনবদলের কথা।ফিরে আসি বর্তমানের বাস্তবতায়। এই দেশে আর্থিক বৈষম্য প্রকট। দেশে এমনও বিত্তবান পুণ্যকামী রয়েছেন, যাঁরা মাথাপিছু একটা কেন, দুই-চার-পাঁচটি গাভি ক্রয় করেন, উৎসর্গ করেন তাঁদের প্রিয়জনের নামে। কেউ বা উৎসর্গ করেন আস্ত উট। তবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী, মুনীর হোসেনের পরিবারের মতো ২০-২৫ হাজার টাকায় অংশীদারির ভিত্তিতে তাঁদের প্রিয়জনের নামে কোরবানি দেন। মুনীরের পরিবারে রয়েছেন তার বাবা, মা, তিন চাচা আর দাদি।ঈদের আগের সপ্তাহে দুবার কোরবানির হাট বসে। কোরবানির গাভিটি সযত্নে ক্রয় করা হয়। মূল্য, অথবা পশুটির স্বাস্থ্য সম্পর্কে মতভেদ ঘটলে পরিবারের মুরব্বির কথাই চূড়ান্ত। স্বৈরতন্ত্র নয়, সেখানে মুরব্বিতন্ত্র প্রযোজ্য। মতভেদে যদি কোনো ধর্মীয় প্রশ্ন জড়িত থাকে, তাহলে মসজিদের ইমাম অথবা কোনো স্বীকৃত হুজুরের সিদ্ধান্তই শেষ কথা। কখনো কখনো কোরবানির পশুটিকে বাড়ন্ত অবস্থায় বর্গা নেওয়া হয়ে থাকে। সেখানে বর্গাদাতা পশুটির মূল্যের একটি অংশ পেয়ে থাকেন। কোরবানির পশুর হাট ইজারা নেওয়ার প্রথাও রয়েছে। সে ক্ষেত্রে গ্রামের কোনো শিক্ষা অথবা ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার কমিটির কাছ থেকে কোরবানির পশু কেনাবেচার জন্য বাজারটি ইজারা নেওয়া হয়। তার ফলে পশু ক্রেতারা পশুটির মূল্যের একটি আনুপাতিক অংশ ইজারা গ্রহণকারীকে দিতে বাধ্য থাকেন। এ প্রথাকে হাসিল বলা হয়ে থাকে এবং তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আংশিক অর্থায়ন হয়ে থাকে। এক কথায়, কোরবানির পশু কেনাবেচায় গ্রামবাংলায় একটি আর্থসামাজিক প্রক্রিয়া চালু রয়েছে, যা শহরের অনেক বাসিন্দার হয়তো জানা নেই। প্রথামতো মাল্যভূষিত কোরবানির পশুকে ঈদের দিনের অন্তত এক দিন আগে বাড়িতে আনা হয়, আর তখন থেকেই বাড়িতে সৃষ্টি হয় ঈদের আমেজ। শহর অথবা বিদেশ থেকে আসা আত্মীয়স্বজনের সমাগম তখন ঘটে গেছে। বিশেষ দৃষ্টি থাকে কোরবানির পশুটির খাওয়াদাওয়া, রক্ষণাবেক্ষণ এবং সর্বোপরি গরু অপহরণের এই সময়টিতে, নিরাপত্তার ওপর। ঈদের সকালে পশুটিকে গোসল করানো, অনেকে যাকে শেষ গোসল বলেন এবং তারপর নতুন কাপড়জামা পরে পরিবারের পুরুষদের জামাতে যাওয়া, ফিরে এসে যথাযথ দোয়া-দরুদ পাঠ করার পর প্রিয়জনের নাম উচ্চারণ করে ‘আল্লাহু আকবর’ বলে কোরবানি—এসবই কোরবানির ঈদের উৎসবের অংশ, ত্যাগের উৎসব। তারপর কোরবানির পশুটির মাংস বণ্টন—যথাক্রমে এক-তৃতীয়াংশ দরিদ্রজনকে, তারপর পরিবারের তাঁদের যাঁরা নিজে কোরবানি দিতে পারেননি এবং অতঃপর কোরবানিদাতাদের জন্য। এই বণ্টনে রয়েছে ত্যাগ আর সন্তুষ্টির বিরল এক অনুভূতি। তারপর বাড়ির মেয়েদের রান্না, আর খাওয়ার পালা। মসলার সুগন্ধে রক্তভীতি দূর হয়ে যায়। কোরবানির পশুর চামড়া দালালেরা কিনে নেয়, সেই টাকা প্রথামতো গরিবদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। পরিবেশ সচেতনতা বাড়ছে, তাই কোরবানির রক্ত ও ময়লা পরিষ্কারে এখন জনগণ আর দায়িত্ববানেরা আগের চেয়ে অনেক বেশি তৎপর। আর পুরো ঈদের উৎসবে মানুষের আনাগোনায় যানবাহনের জটিলতার মধ্যেও রয়েছে শহর থেকে বাড়িমুখো মানুষের আনন্দ আর ছুটি শেষে ফিরে আসার বিষাদ। ঈদে ধর্মীয় কর্তব্যের মধ্যে রয়েছে উৎসবের আনন্দ আর মানুষে মানুষে একাত্মতার পরিবেশ। আমাদের ষড়ঋতুর এই দেশে সব ঋতুতেই পালাক্রমে ঈদ ঘুরে আসে। এবার ঈদ এল হেমন্তে। শিশিরভেজা হেমন্তের প্রভাতে গ্রামবাংলা যেন হিরে খচিত সবুজের দেশ। হেমন্তসন্ধ্যায় নিবিড়তার ছোঁয়া। হেমন্তনিশীথে প্রত্যাশার স্বপ্ন। পূর্ণতার এই পরিবেশ জাতি-ধর্মনির্বিশেষে এ দেশের প্রত্যেক মানুষের জন্য আনন্দময় হোক। সবাইকে হেমন্তের শিশিরস্বচ্ছ শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।