কোরবানির জন্য প্রস্তুত কর্তৃপক্ষ
কোরবানির পশু কেনার মধ্যে থাকে আনন্দ। কিন্তু নগরের গবাদিপশুর অনেক অস্থায়ী হাটই আশপাশের বাসিন্দা, পথচারী ও যাত্রীদের মধ্যে নিরানন্দ বয়ে আনে। গেল বছর সে অভিজ্ঞতাই হয়েছে তালতলায় রোকেয়া সরণির যাত্রীদের। এ বিষয়ে শেওড়াপাড়ার বাসিন্দা লিখন আহমেদ জানান, গবাদিপশু বহনকারী ট্রাক তালতলা বাসস্ট্যান্ড দখল করে থাকায় ওই সড়কে সন্ধ্যার পরই যানজটে পড়তে হয়েছিল তাঁদের।ঈদুল আজহাকে সামনে রেখে নগরের অস্থায়ী গবাদিপশুর হাটগুলো প্রস্তুত হয়ে উঠছে। এসব হাট যানজট ছাড়াও নগরের বুকে আবর্জনা বাড়িয়ে দেয়। তাই ওই সময়টাতে বাড়তি আবর্জনা নিষ্কাশনের কাজ করতে হয় ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে। এ ছাড়া কোরবানির হাটে পকেটমার, অজ্ঞান পার্টি ও পশুচোরদের সামাল দিতে হয় ডিএমপি ও ইজারাদারের লোকজনকে। আবার এখানে-সেখানে বসা অননুমোদিত হাট বন্ধে কাজ করতে হয় ডিসিসিকে। পশুর হাট ও ঈদুল আজহাকে ঘিরে যে কর্মযজ্ঞ, তা সামাল দিতে কি প্রস্তুত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?গাবতলীর স্থায়ী হাট তো থাকছেই, তালতলা বাসস্ট্যান্ডের পাশে এবং আগারগাঁও বস্তির খালি জায়গায় বসছে গবাদিপশুর দুটি অস্থায়ী হাট। এসব হাটের পাশের সড়কে যানজট প্রতিরোধে কি প্রস্তুত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)? এমন প্রশ্নে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পশুর হাটের বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন। রাস্তার পাশে যানজট কমাতে ট্রাফিক পুলিশ ও ইজারাদারের কর্মীরা যৌথভাবে কাজ করবেন। এদিকে ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় প্রতিটি হাটেই পুলিশ প্রহরা থাকবে। হাটগুলোয় চোর, পকেটমার, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে ইজারাদারদের লোকবলও থাকবে বলে জানা যায়।নগরের একটি স্থায়ী এবং ১২টি অস্থায়ী পশুর হাটের ভেতরের পরিচ্ছন্নতার কাজটিও করবেন ইজারাদারদের কর্মীরা। তবে এ কাজে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগও সহায়তার হাত বাড়িয়ে দেবে। এরই অংশ হিসেবে প্রতিটি হাটের পাশে বসানো হবে বড় আকারের ভ্রাম্যমাণ ডাস্টবিন। এ ছাড়া হাটের আশপাশের সড়কের বর্জ্য অপসারণে বাড়তি নজর দেওয়া হবে বলে জানান ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা। তিনি জানান, তাঁদের মূল কাজ হচ্ছে ঈদের দিন এবং তার পরের দুদিন জবাই হওয়া কোরবানির পশুর রক্তসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করে নগর পরিচ্ছন্ন রাখা। তাই বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সময় ছুটি পাবেন না। নগরবাসী যাতে পশু জবাইয়ের পর পরিবেশ-পরিচ্ছন্নতার দিকে নজর দেয়, সে বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে নগরজুড়ে হাজার বিশেক লিফলেট বিতরণ করা হবে ঈদের আগেই। ওই লিফলেটে ডিসিসির ১০টি অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের টেলিফোন নম্বর দেওয়া হবে, যাতে বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট অঞ্চলে জানানো যায়। এ ছাড়া গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েও নগরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে সহায়তা করতে অনুরোধ জানানো হবে। ঈদুল আজহার আগে ও পরে নগর পরিচ্ছন্নতার কাজটি সামাল দিতে তাঁরা পর্যাপ্ত উপকরণ নিয়ে প্রস্তুত, তবে নগরবাসীর সহায়তা পেলেই কেবল পরিচ্ছন্নতার কাজটি যথাযথভাবে করা যাবে বলে জানান বিপন কুমার সাহা।এদিকে ডিসিসি সূত্রে জানা যায়, কেউ যাতে রাস্তা কিংবা অন্য কোনো খালি জায়গা দখল করে অবৈধভাবে পশুর হাট বসাতে না পারে, এর জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। আদালত সেসব উচ্ছেদ করবেন এবং যারা অবৈধ হাট বসাবে, তাদের প্রচলিত আইনে শাস্তি দেবেন। এরই মধ্যে সরকারি দলের সমর্থক পরিচয় দিয়ে কিছু লোক নগরের কয়েকটি স্থানে অননুমোদিত হাট বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে পশুর হাট ও ঈদুল আজহার কর্মযজ্ঞ ডিসিসি ঠিকমতো সামাল দিতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অনেকে। এবার অস্থায়ী হাটে স্থান নির্বাচনের শুরুতেই হোঁচট খেয়েছে ডিসিসি। তারা প্রথমে গবাদিপশুর অস্থায়ী ১৩টি হাট বসানোর কথা বলে ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। এর মধ্যে একটি বসার কথা ধূপখোলার ইস্ট এন্ড ক্লাবে। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে ওই মাঠে হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ওই মাঠে ঈদের জামাতের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেই এলাকাবাসী গরুর হাট বসার সিদ্ধান্তে সায় দেয়নি। তাই সচেতন নাগরিকেরা মনে করেন, অস্থায়ী পশুর হাটের স্থান নির্বাচনের আগে ডিসিসির উচিত, নগরের প্রতিটি এলাকার মানুষের সঙ্গে কথা বলা। তাঁদের মতামতের ভিত্তিতে পশুর হাট বসলে একে ঘিরে সৃষ্ট নাগরিকদুর্ভোগ অনেক কমে যাবে।