কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে টানাপোড়েন
কোরবানির জন্য উৎসর্গীকৃত পশুর চামড়া সংগ্রহের ক্ষেত্রে দাম নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। যে দামে আড়তদারেরা চামড়া কিনেছেন, সেটাকেই বেশি বলছেন ট্যানারির মালিকেরা। শেষ পর্যন্ত কী দামে চামড়া সংগ্রহ করা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় আছেন তাঁরা।ট্যানারির মালিকদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ায় মাঠপর্যায়ের চামড়া ব্যবসায়ীদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তা না করে মৌসুমি ব্যবসায়ীদের মতো তাঁরাও বেশি দামে চামড়া কিনেছেন। এখন তাঁদের দর অনুযায়ী চামড়া কিনলে লোকসান দিতে হবে।আগামী সপ্তাহ থেকেই আড়তদারদের কাছ থেকে ট্যানারির মালিকদের চামড়া সংগ্রহ শুরু করার কথা।অবশ্য কাঁচা চামড়ার আড়তদারেরা বলছেন, ট্যানারির মালিকদের সঙ্গে আলোচনা করেই মাঠপর্যায়ের ব্যবসায়ীরা চামড়া কিনেছেন।দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্যের কাঁচামালের ৪০ থেকে ৫০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানিতে জবাই হওয়া পশু থেকে। গত সোমবার (ঈদের দিন) থেকেই সারা দেশে শুরু হয়েছে চামড়া বেচাকেনা।মন্দার কারণে আন্তর্জাতিক বাজারে এখন চামড়ার দাম কম। সে কারণে এবার কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করেনি চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলো। ট্যানারির মালিকেরা মাঠপর্যায়ের ব্যবসায়ীদের যতটা সম্ভব কম দামে চামড়া কিনতে বলেছিলেন।দর নিয়ে জটিলতা: মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের কাছ থেকে জানা যায়, ঈদের দিন দুপুর ও বিকেলে ঢাকায় বেশি দামে চামড়া বিক্রি হলেও সন্ধ্যার পর থেকে দাম কমতে থাকে। তাই যেসব মৌসুমি ব্যবসায়ী বিকেল পর্যন্ত বেশি দামে চামড়া কিনেছিলেন, তাঁরা সন্ধ্যায় চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েন।ঢাকার চামড়া একটু ভালো মানের হওয়ায় আড়তদারদের কেউ কেউ মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামেই চামড়া কিনে নেন। কিন্তু রাতে দাম পড়ে যায়। আড়তদারদের সংরক্ষণের ব্যবস্থা থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের সে সুযোগ নেই। তাই তাঁরা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হন।মৌসুমি ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা প্রতি বর্গফুট চামড়া ৭০ থেকে ৭৫ টাকা দরে কিনেছেন। কিন্তু আড়তদারদের কাছ থেকে তাঁরা অনেক ক্ষেত্রেই এ দাম পাননি।তবে চামড়ার আড়তদারেরা জানান, এবার চামড়ার দর গতবারের চেয়ে কম। তার পরও তা আন্তর্জাতিক বাজারের চেয়ে একটু বেশি। ঈদের দিন ঢাকায় জবাই হওয়া গরুর চামড়া প্রতিটি দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়ও বিক্রি হয়েছে। আর ঢাকার বাইরের বিভিন্ন এলাকার গরুর চামড়ার দর প্রতিটি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বেচাকেনা হয়েছে।অনেক ক্ষেত্রেই বেশি দামে চামড়া কেনার বিষয়টি স্বীকার করে আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ আফতাব প্রথম আলোকে বলেন, ‘এবার চামড়ার দাম কম। কিন্তু যে হারে কমার কথা ছিল, সে হারে কমেনি। বাজার থেকে তাই আমাদের একটু বেশি দরেই চামড়া কিনতে হয়েছে।’তবে ট্যানারির মালিকদের মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আড়তদারদের চামড়া কেনা উচিত ছিল প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকায়। কিন্তু কেনা হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়। এই দামে চামড়া কিনলে লোকসান গুনতে হবে তাঁদের।বাংলাদেশ প্রক্রিয়াকৃত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাজারে যদি চাহিদা থাকত, তাহলে বেশি দামে চামড়া কিনলে ট্যানারির মালিকদের পোষাত। কিন্তু বাজারের বর্তমান অবস্থায় বেশি দামে চামড়া কেনা সম্ভব নয়।’বেলাল অভিযোগ করে বলেন, মৌসুমি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজার সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই যে যেভাবে পেরেছেন, সেভাবে চামড়া কিনেছেন। এতে দামও বেড়ে গেছে। আড়তদারদের আরও নিয়ন্ত্রণের মধ্যে থেকে চামড়া কেনা উচিত ছিল বলে মনে করেন তিনি।গত বছর ঢাকায় গরুর চামড়ার দর প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ঢাকার বাইরে গরুর চামড়া ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়।কিন্তু বিশ্ববাজারে ক্রমাগত চামড়ার দরপতনের কারণে এবার কোরবানির চামড়া সংগ্রহে কোনো দর নির্ধারণ করেনি কাঁচা চামড়ার আড়তদার ও ট্যানারির মালিকদের সংগঠনগুলো। তার বদলে বাজারের ওপরই দর ছেড়ে দেওয়া হয়।কিন্তু সেটাই এবার চামড়া নিয়ে জটিলতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন কয়েকজন ব্যবসায়ী ও ট্যানারির মালিক। তাঁরা বলছেন, দর নির্ধারণ করা থাকলে খুচরা ব্যবসায়ীদের মধ্যে চামড়ার দাম সম্পর্কে একটা ধারণা থাকত। কিন্তু এবার তা না থাকায় বেশি দামে তাঁরা চামড়া কিনে ফেলেছেন।পরিমাণ: চামড়ার আড়তদারেরা এ বছর ৫৫ লাখ পিস গরু এবং ২৫ থেকে ৩০ লাখ পিস ছাগল-খাসির চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। আড়তদার সমিতির মতে, লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ কম গরুর চামড়া এবার সংগৃহীত হয়েছে। কেননা, এবার ঢাকায় কোরবানির পশুর পরিমাণ আগের চেয়ে অনেক কমে গেছে।তবে ট্যানারির মালিকদের ধারণা, এবার ঈদে সারা দেশে ৪০ লাখ গরু এবং ৩৫ থেকে ৪০ লাখের মতো মহিষ-ছাগল-বকরি কোরবানি হয়েছে। ট্যানারির মালিকদের সংগঠন বিটিএর সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, যে পরিমাণ পশু জবাই হয়েছে, তাতে চামড়ার সরবরাহে ঘাটতির কারণ নেই; বরং অবৈধ পথে চামড়া ভারতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।