কোরবানির হাটে উটের আগমন
গরু-খাসি তো আসেই, আসবেই; ‘মরুভূমির জাহাজ’খ্যাত উটও চলে এসেছে এই সুজলা সুফলা দেশে। কোরবানির বাজার বলে কথা। সেখানে গরু-খাসির ওপর দিয়ে দীর্ঘ গ্রীবা উঁচিয়ে নিজেদের উপস্থিতি ঘোষণা করছে উটের দল।১৭ নভেম্বর কোরবানির ঈদ। ইতিমধ্যে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে গরু, মোষ, খাসি, ভেড়ার আমদানি শুরু হয়েছে। এর সঙ্গে চলে এসেছে উটও। কোরবানি উপলক্ষে রাজধানীর অস্থায়ী পশুর হাটের ইজারাদারেরা হাট বসানোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে কোরবানির পশুর হাট।গতকাল সোমবার গাবতলী হাটের পশু ব্যবসায়ীরা জানান, কোরবানি উপলক্ষে পাইকারেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু কিনে ঢাকায় পাঠাতে শুরু করেছেন। প্রতি রবি ও বুধবার এখন রাজশাহী শহরে হাট বসছে। সেখান থেকে অনেক পাইকার পশু কিনে ঢাকায় আনতে শুরু করেছেন। এসব পশু গাবতলীর হাটে আনা হচ্ছে। এই হাট থেকে আবার দেশের অন্যান্য অঞ্চলের পাইকারেরা পশু কিনে নিচ্ছেন। পশুগুলোকে গাড়িতে তোলার আগে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।গাবতলী হাটের ব্যবসায়ী আবদুল মোমেন জানান, তিনি এরই মধ্যে আটটি উট ও ৪০টি মোষ এনেছেন। উটগুলো তিনি এনেছেন কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রামের ব্যবসায়ীরা ভারতের রাজস্থান থেকে উটগুলো এনেছেন। মোমেন জানান, প্রতিটি উট পাঁচ লাখ টাকার কমে বিক্রি করলে তাঁদের কোনো লাভ থাকবে না। ভারত থেকে এসব উট দেশে আনতে প্রচুর টাকা খরচ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিধি মোতাবেক শুল্ক পরিশোধ করে এসব উট দেশে আনা হয়েছে। মোমেন বেপারী আরও জানান, প্রতিবছর কোরবানিতে গরু, মোষ, খাসির পাশাপাশি উট ও দুম্বার চাহিদা থাকে। এ জন্যই কোরবানির হাটে উট-দুম্বা আমদানি করা হয়। এ ছাড়া মোষের চাহিদাও ভালো। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোষের চাহিদা বেশি। একটি মোষ ৩৫ হাজার থেকে এক লাখ টাকার ওপরে বিক্রি হয়।ব্যবসায়ী আনোয়ার মণ্ডল জানান, কোরবানি উপলক্ষে গাবতলীতে পশু আসা শুরু হলেও এখনো বেচাকেনা তেমন শুরু হয়নি। রোজার ঈদের পরপর কোরবানির জন্য কৃষকেরা গরু পালন শুরু করেন। কিন্তু এ বছর দেশব্যাপী অ্যানথ্রাক্সের আতঙ্ক দেখা দেওয়ায় কৃষকেরা সময়মতো কোরবানির গরু পালন করতে পারেননি। কোরবানির পশু বেশির ভাগই আমদানি করতে হবে। এতে পশুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দেশীয় ছোট আকারের গরুর দাম মোটামুটি নির্ধারিত থাকলেও কোরবানির হাটে বড় গরুর দাম নির্ধারিত হয় ক্রোতাদের পছন্দের ওপর। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম প্রথম আলোকে বলেন, দেশে বর্তমানে অ্যানথ্রাক্সের আতঙ্ক নেই। এ বছর ভারতীয় পশুর পাশাপাশি মিয়ানমার ও নেপাল থেকেও প্রচুর গরু-মোষ আমদানি করা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানালেন।গাবতলীর পশুর হাটের পরিচালক সোহেল হাসীব প্রথম আলোকে বলেন, ‘এ বছর আমাদের মধ্যে আতঙ্ক ছিল। কিন্তু বর্তমানে তা কেটে গেছে। ইতিমধ্যে হাটে বিভিন্ন ধরনের পশু আসা শুরু হয়েছে। একই সঙ্গে বিক্রিও শুরু হয়েছে। হাটে বেপারীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটের নিরাপত্তার জন্য পুলিশ নিয়ে বৈঠক করা হচ্ছে।’ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, রাজধানীর অস্থায়ী পশুর হাটের কার্যাদেশ আজ মঙ্গলবার অথবা কাল বুধবারের মধ্যে ইজারাদারদের দেওয়া হবে। সিটি করপোরেশনের ইজারার বাইরে কেউ হাট বসালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। আজ মঙ্গলবার পুলিশ নিয়ে অবৈধ হাটের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ১৯৮৩ সালের সিটি করপোরেশন আইনে অবৈধ হাট বসানোর জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।দ্বিতীয়বার একই অপরাধ করলে কারাদণ্ডের বিধান রয়েছে।