কোরবানির হাটের নিরাপত্তা নিয়ে সভা
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আজ রোববার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকা সিটি করপোরেশন, চামড়ার ব্যবসায়ী ও কোরবানির পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।সভা শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদুল আজহার সময় কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো জায়গায় থামতে দেওয়া হবে না। পশুর হাটে চাঁদাবাজি রোধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।বেনজির আহমেদ বলেন, পশুর হাটের নিরাপত্তা বিধানে পুলিশ হাটের ইজারাদারদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করবে। হাট থেকে টাকা পরিবহনের সময় ব্যবসায়ীরা প্রয়োজনে পুলিশের সহায়তাও পাবে।কোরবানির চামড়া নিয়ে এবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে বলে উল্লেখ করেন বেনজির।বেনজির আহমেদ বলেন, এ বছর ঢাকা মেট্রোপলিটন ও সংলগ্ন এলাকায় পশুর ২১টি হাট বসবে। তিনি হাটের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটিতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর আহ্বান জানান।প্রতিটি হাটে পুলিশ কন্ট্রোলরুম স্থাপনের কথা জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার। তিনি বলেন, পুলিশের কাছে খবর আছে, কোরবানির ঈদ সামনে রেখে বাজারে প্রচুর জাল নোট ঢুকে গেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ৫০০ ও ১০০০ টাকার। জাল নোট প্রতিরোধে পুলিশেরও প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। হাটে পটকা ফুটিয়ে ও বোমাবাজি করে কেউ যেন আতঙ্ক সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার।