কোরামের অভাবে সংসদ মুলতবি
কোরাম-সংকটের কারণে আজ বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে সংসদের অধিবেশন মুলতবি হয়ে যায়। রাত নয়টার কয়েক মিনিট আগে জাতীয় পার্টির মুজিবুল হক পয়েন্ট অব অর্ডারে কোরাম-সংকটের বিষয়টি উত্থাপন করেন।সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বিষয়টি আমলে নিয়ে কোরাম পূরণের জন্য পাঁচ মিনিট ঘণ্টা বাজান। এর পরও কোরাম (৬০ জন) পূরণ না হওয়ায় সংসদের বৈঠক মুলতবি করা হয়। নবম জাতীয় সংসদে এভাবে কোরামের অভাবে অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। হঠাত্ অধিবেশন বন্ধ হয়ে যাওয়ায় মাঝপথে থেমে যায় সব কাজ।ডেপুটি স্পিকার শওকত আলী ঘটনাটিকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, ‘কোরামের অভাবে সংসদের বৈঠক মুলতবি করতে হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আশা করি।’ তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক ও নিয়মিত সংসদে উপস্থিত থাকার আহ্বান জানান। পরে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।এ সময় সংসদকক্ষের প্রথম সারির ২৯টি আসনের মধ্যে প্রধানমন্ত্রীসহ সবাই অনুপস্থিত ছিলেন। অধিকাংশ মন্ত্রীও ছিলেন গরহাজির। সাতজন হুইপের মধ্যে উপস্থিত ছিলেন শুধু আবদুল ওয়াহাব ও মুজিবুল হক।অধিবেশন মুলতবির আগে ডেপুটি স্পিকার উপস্থিত দুই হুইপের কাছে জানতে চেয়েছিলেন, কোরাম হওয়ার সম্ভাবনা আছে কি না। ‘বাইরে কেউ নেই’ জানিয়ে হুইপ আবদুল ওয়াহাব নেতিবাচক উত্তর দিলে স্পিকার সংসদ মুলতবি করতে বাধ্য হন।এর আগে সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সরকারি দলের সাংসদ এ কে এম রহমতউল্লাহ ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ক্ষোভ প্রকাশ করেন।বিরোধী দল বিএনপি বিভিন্ন দাবি তুলে গত বছরের ৩ জুন থেকে টানা সংসদ অধিবেশন বর্জন করছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আসনসংখ্যাই ২৬২।