কর্ণফুলী নদীর দক্ষিণ পারে নির্মাণাধীন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) কর্তৃপক্ষের কাছ থেকে সরকারের পাওনা প্রায় সাড়ে নয় কোটি টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই বিপুল অর্থ হাতছাড়া হয়ে যেতে পারে।জানা গেছে, কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসন ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু সরকারের পক্ষে কোনো কৌঁসুলি শুনানিতে অংশ না নেওয়ায় আদালত আপিল খারিজ করেন।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আনিছুর রহমান মিঞা প্রথম আলোকে বলেন, ‘আপিলের অগ্রগতি জানতে আমরা ঢাকায় নিয়মিত যোগাযোগ রাখি। একপর্যায়ে আমরা জানতে পারি, আপিল শুনানিতে সরকারের পক্ষে কেউ অংশ নেননি। তাই আদালত সরকারের বিরুদ্ধে একতরফা রায় দেন।’আদালত সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ফজলুল করিম (বর্তমান প্রধান বিচারপতি), সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম ও জয়নাল আবেদীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বছরের ১৮ জানুয়ারি এক আদেশে বলেন, ‘আবেদনকারী (সরকার পক্ষ) দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ না নিলে আপিল খারিজ হয়ে যাবে।’জানা গেছে, কোরিয়ান ইপিজেড ইয়াংওয়ান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। এ গ্রুপের চেয়ারম্যান কিহাক সাংয়ের উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব এম মকবুল হোসেন উচ্চ আদালতে মামলাটি তদারক করছেন। তিনি বলেন, ‘হাইকোর্টে আমরা সরকারের বিরুদ্ধে রায় পেয়েছি। আপিল বিভাগে সরকারের পক্ষে এ মামলা পরিচালনায় কোনো কৌঁসুলি ছিলেন না। তাই সুপ্রিম কোর্ট সরকারের আপিল খারিজ করে দেন। সরকারের পরবর্তী পদক্ষেপ দেখে আমরা এগোব। আমাদের কৌঁসুলি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।’প্রশাসন সূত্র জানায়, কোরিয়ান ইপিজেড করতে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রায় দুই হাজার ৪৯২ দশমিক ৩৬ একর জমি বরাদ্দ দেয়। এর মধ্যে প্রায় ৭৪৩ দশমিক ৪৪ একর ব্যক্তিমালিকানা এবং এক হাজার ৭৪৮ দশমিক ৯১ একর সরকারের খাস জমি রয়েছে।সূত্র জানায়, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল, ১৯৯৭-এর ৪৫ অনুচ্ছেদের ‘ক’ উপ-অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট মৌজার সাবরেজিস্ট্রি কার্যালয়ের ক্রয়-বিক্রয় দলিলের ভিত্তিতে অধিগ্রহণ করা জমির দাম নির্ধারণ করতে হয়। একই অনুচ্ছেদের ‘জ’ উপ-অনুচ্ছেদ অনুযায়ী বরাদ্দ হওয়া জমির ওপর ৫০ শতাংশ অতিরিক্ত মূল্য যোগ করতে হয়।সূত্র জানায়, কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ ৫০ শতাংশ অতিরিক্ত অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাইকোর্টে একটি রিট করে। ২০০২ সালের ১ এপ্রিল হাইকোর্ট কোরিয়ান ইপিজেডের পক্ষে রায় দেন। বিষয়টি জানার পর চট্টগ্রামের জেলা প্রশাসন আপিল মামলা করতে সলিসিটরকে চিঠি দেয়। সলিসিটর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু শুনানিতে সরকার পক্ষের কেউ অংশ নেননি বলে আদালত আপিল খারিজ করেন।আপিল খারিজের বিষয়টি জানিয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখায় একটি চিঠি পাঠান আনিছুর রহমান। চিঠিতে বলা হয়, ‘হাইকোর্ট বিভাগ সরকারের বিরুদ্ধে ২০০২ সালের ১ এপ্রিল রায় দেন। এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষে আপিল করার অনুরোধ জানানো হয়। কিন্তু সলিসিটর উইং, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো তথ্য অত্র অফিসকে জানায়নি।’আনিছুর রহমান জানান, ‘সলিসিটর উচ্চ আদালতে কৌঁসুলি নিয়োগসহ যাবতীয় কাজ করে। এ মামলায় আমাদের কৌঁসুলি কে এবং ওই কৌঁসুলি কেন আপিল শুনানিতে অংশ নেননি, তা সলিসিটর ভালো বলতে পারবেন।’ এ ব্যাপারে জানতে ঢাকায় সলিসিটর ও উপ-সলিসিটরের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।জানা গেছে, মামলার সর্বশেষ অবস্থা জানতে জেলা প্রশাসনের কার্যালয়ের একজন প্রতিনিধিকে পাঠানো হয়। কিন্তু সলিসিটর উইং আপিলের সর্বশেষ অবস্থা জানাতে পারেনি। জেলা প্রশাসনের একই প্রতিনিধিকে গত বছরের ৩১ মে সুপ্রিম কোর্টে পাঠানো হয়। আপিল বিভাগ থেকে জানা যায়, গত বছরের ১৮ জানুয়ারি আপিল বিভাগ সরকার পক্ষের অনুপস্থিতির কারণে একতরফা রায় দেন।সুপ্রিম কোর্টের ওই আদেশের ফলে সরকারের প্রায় ১০ কোটি টাকার স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। সরকারের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল আপিল মামলাটি পুনর্বহাল করতে গত বছরের ৪ জুন চিঠি দেওয়া হয়। মামলাটি পুনর্বহাল হয়েছে কি না বা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।