পদ্মা সেতুর দুই প্রান্তে রেলসংযোগ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দক্ষিণ কোরিয়ার ২১ কোটি টাকার সহায়তা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এখন এ প্রকল্পের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে। দক্ষিণ কোরিয়ার টাকা না নেওয়ার বিষয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, দক্ষিণ কোরিয়ার টাকায় সম্ভাব্যতা যাচাই করলে আন্তর্জাতিক সংস্থাগুলো মূল প্রকল্পে (রেললাইন স্থাপন) টাকা দিতে আগ্রহ দেখাত না। সে জন্যই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে।জানা গেছে, গত বছরের ৬ থেকে ১৩ ডিসেম্বর কোরিয়ার নয় সদস্যের প্রতিনিধিদল রেলওয়ে কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের (ইআরডি) সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকের পর একটি চুক্তিও (রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এসংক্রান্ত ফাইল যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় তা বাতিল করে দেয়। মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয়, কোরিয়া কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ প্রকল্পে এ সহায়তা দিতে চাইলে নেওয়া হবে, কিন্তু কোরিয়ানরা রাজি হয়নি।জানা গেছে, ভারতসহ আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায়; এ বিষয়ে আলোচনা করতে এডিবির একটি আঞ্চলিক প্রতিনিধিদল গত মাসে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকের পর এডিবি রেলওয়ের সাতটি প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই প্রকল্পও রয়েছে। তবে এখনো সবকিছু আলোচনার পর্যায়ে আছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সেতুর দুই পারে ১৩৮ কিলোমিটার রেললাইন স্থাপনের মাধ্যমে ঢাকার সঙ্গে যশোরের সরাসরি রেল যোগাযোগ গড়ে তোলার কথা। সর্বশেষ প্রাথমিক যে নকশা সেতু বিভাগে জমা দিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এইকম, তাতে মূল সেতুতে রেললাইনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে দুই পাড়ে সংযোগলাইন তৈরি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে সেতু বিভাগ পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নির্বাচনে প্রাথমিক দরপত্র (প্রাক-যোগ্যতা যাচাই) আহ্বান করেছে। সরকার চলতি বছরেই পদ্মা সেতুর কাজ শুরু এবং তিন বছরের মধ্যে সেতু চালু করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সেতু চালুর দিন থেকেই এর ওপর দিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বর্তমানে প্রস্তাবিত পদ্মা সেতুর দুই পারে কোনো রেললাইন নেই। ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালাতে হলে নতুন করে রেললাইন তৈরি করতে হবে। রেলওয়ে সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি সংযোগ করতে হলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৭৮ কিলোমিটার রেললাইন নতুন করে বসাতে হবে। ভাঙ্গা থেকে ফরিদপুর ও রাজবাড়ীর পাটুরিয়া পর্যন্ত রেললাইন করতে হবে আরও ৬০ কিলোমিটার। অর্থাৎ নতুন করে ১৩৮ কিলোমিটার দীর্ঘ এই দুটি লাইন বসানো হলে কুষ্টিয়ার পোড়াদহ হয়ে যশোর ও খুলনা পর্যন্ত রেলসংযোগ হয়ে যাবে। বর্তমানে পোড়াদহ থেকে পাটুুরিয়া পর্যন্ত রেলপথ সচল আছে। পাটুরিয়া থেকে ফরিদপুর পর্যন্তও রেলপথ ছিল। কিন্তু নব্বইয়ের দশকে অলাভজনক আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়।২০০৮ সালে বাংলাদেশ রেলওয়ে এসংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ১৩৮ কিলোমিটার রেলপথ নির্মাণে খরচ হবে প্রায় পাঁচ হাজার ১৬৭ কোটি টাকা।রেলওয়ের কর্মকর্তারা জানান, পদ্মার দুই পারে সরকার বিদেশি অর্থায়নে রেললাইন করতে চায়। সে ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিদেশি অর্থে না হলে উন্নয়ন-সহযোগীরা আগ্রহ দেখায় না। সে জন্যই সরকারি অর্থে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে না। রেলওয়ে কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থের সংস্থান হলেও নতুন এ রেলপথের সম্ভাব্যতা যাচাই ও রেলপথের নকশা প্রণয়নে দুই বছর লেগে যাবে। এরপর রেললাইন নির্মাণে অর্থ জোগাড় করা, ঠিকাদার নিয়োগ এবং রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালানো কতটা বাস্তবসম্মত, তা বলা মুশকিল। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু চালুর পরপরই ট্রেন চলাচলের লক্ষ্যে কাজ করছেন তাঁরা। অর্থায়নের বিষয়ে আলাপ-আলোচনা চলছে।