কোরীয় উপদ্বীপে দ্বন্দ্ব নিরসনের আহ্বান পোপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ফ্রান্সিস আজ রোববার পোপ হিসেবে তাঁর প্রথম ইস্টার দিবসের ভাষণে বিশ্বশান্তি, পরিবেশ রক্ষা ও কূটনৈতিক সংলাপের মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপের সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন। রয়টার্স জানায়, আজ ভ্যাটিকানে তিনি প্রায় আড়াই লাখ মানুষের সামনে এ ভাষণ দেন। পোপ তাঁর ‘দেশ ও দুনিয়ার প্রতি’ ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু করতে, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে এবং আফ্রিকার দেশেগুলোতে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক উদ্যোগেরও ডাক দেন।পোপ হওয়ার আগে ফ্রান্সিস ছিলেন আর্জেন্টিনার সাবেক কার্ডিনাল হোসে বার্গোগলিও। পোপ হওয়ার আগেই তিনি পরিবেশদূষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকের ভাষণে তিনি ‘প্রাকৃতিক সম্পদ লুটপাটের মতো ঘোর দুর্বৃত্তীয়’ কাজের নিন্দা জানান। প্রত্যেককে তিনি ‘সৃষ্টির’ অভিভাবকের দায়িত্ব পালনের আহ্বানও জানান। ইতালীয় ভাষায় দেওয়া ভাষণে তিনি প্রার্থনার সুরে বলেন, ‘কোরীয় উপদ্বীপসহ সারা এশিয়ায় শান্তি আসুক। কলহ দূর হোক আর ঐক্যের নবচেতনা জাগ্রত হোক।’উত্তর কোরিয়া গত শনিবার ‘যুদ্ধপরিস্থিতি’ ঘোষণা করে। গত ফেব্রুয়ারি মাসে দেশটি তৃতীয়বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পর দেশটি ঘিরে উত্তেজনা তুঙ্গে ওঠে। শর্ত ভঙ্গের অভিযোগে জাতিসংঘ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক কাজকর্মে প্রতিবেশী দেশ ও বন্ধুরাষ্ট্র চীন বেশ ক্ষুব্ধ। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে চলেছে।ভাষণ শেষে পোপ ফ্রান্সিস জনগণের কাতারে নেমে আসেন। এক আর্জেন্টেনীয় ভক্ত তাঁকে ‘বার্গোগলিও’ লেখা একটি ফুটবল জার্সি উপহার দেন। একসময় পোপ একজন প্রতিবন্ধীকেও আদর করেন।ফ্রান্সিস পোপ হওয়ার পর পোপতন্ত্রে নিজের সাদামাটা জীবনযাপন ও ব্যক্তিগত কেতা প্রতিষ্ঠিত করেছেন। ইস্টারের ভাষণে তিনি বলেন, (ঈশ্বরে) বিশ্বাস স্থাপন করে মানুষ তাঁর ‘হূদয়ের মরুভূমিতে ফুল ফোটাতে’ পারে।