কোরীয় সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপের সংকট ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সম্প্রতি ইতালির রোমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুন বলেন, ‘ভুল-বোঝাবুঝি থেকে যদি ছোট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, তা হয়তো একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’গত ১২ ফেব্রুয়ারি তৃতীয় পারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া শুরু করে যৌথ সামরিক মহড়া। এতে ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। এ অবস্থায় ১৯৫৩ সালের যুদ্ধের পর কোরীয় উপদ্বীপে সবচেয়ে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এদিকে উত্তর কোরীয় শ্রমিকেরা গতকাল দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত কায়েসং শিল্প এলাকায় কাজের জন্য যেতে পারেননি। এতে শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে সহযোগিতার সর্বশেষ প্রতীকটিও কার্যত বন্ধ হয়ে যায়।বান কি মুন ক্রমাগত হুমকি দেওয়া থেকে উত্তর কোরিয়াকে সরে এসে দুই কোরিয়ার মধ্যবর্তী অর্থনৈতিক অঞ্চল খোলা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে অত্যন্ত সফল সহযোগিতামূলক প্রকল্পগুলোর একটি। রাজনৈতিক বিচার-বিবেচনার কারণে এটি ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক অঞ্চল।’