কোরীয় উপদ্বীপে শান্তি বজায় রাখতে বাংলাদেশের আহ্বান
কোরীয় উপদ্বীপ ও সংলগ্ন এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে যথাসাধ্য সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার জের ধরে দুই দেশের মধ্যকার সৃষ্ট চলমান উত্তেজনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ শুক্রবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের উসকানি নিন্দনীয় এবং তা পরিহার করা উচিত।’এদিকে কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত দুই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ খবরটি জানায়। বিবিসি জানায়, আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ওই মহড়াকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া ইয়নপিয়ং দ্বীপে সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়েছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর একটি বহর ইয়নপিয়ং নিকটবর্তী পিত সাগরের দিকে যাত্রা শুরু করেছে। গোলা হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও চীন ইয়নপিয়ং দ্বীপে যেকোনো সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে উভয়পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। বিবিসি।