বাংলাদেশ এখন তাঁর দ্বিতীয় মাতৃভূমি। অলিম্পিকে বাংলাদেশকে পদকও এনে দেওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের তায়কোয়ান্দোর দক্ষিণ কোরীয় কোচ লি জু সাং। লিখেছেন বদিউজ্জামান
কোরীয় লির বাংলা-স্বপ্ন
ঢাকা বিমানবন্দরে যেদিন প্রথম পা রেখেছিলেন, কেমন যেন ভয় ভয় করছিল লি জু সাংয়ের। তখন বাংলাদেশ সম্পর্কে একটা তথ্যই জানতেন—খুব গরিব দেশ। আর বছর দশেক পর দক্ষিণ কোরিয়ার লি বলছেন, বাংলাদেশ তাঁর দ্বিতীয় মাতৃভূমি!বলতেই পারেন। এখন রাতবিরাতে ফুটপাত ধরে একা একা হাঁটতেও ভয় লাগে না তাঁর। বাংলাটাও শিখে ফেলেছেন। স্থানীয় পরিচিতদের সঙ্গে আড্ডা কিংবা বাজারে কেনাকাটা করতে গিয়ে দোকানিদের সঙ্গে দিব্যি দর-কষাকষিও করতে পারেন! ঢাকায় জন্ম নেওয়া তাঁর দুই সন্তান বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এমন স্বপ্নও দেখেন লি জু সাং।কে এই লি জু সাং? খেলাধুলার পাতা স্টেডিয়ামেই বা কেন তাঁকে নিয়ে এই প্রতিবেদন? কারণ তো একটা আছেই। বাংলাদেশে নতুন ধারার খেলা তায়কোয়ান্দোর কোচ তিনি। তায়কোয়ান্দোর সূচনা থেকেই এ দেশে আছেন তিনি।তায়কোয়ান্দো নামে একটা খেলা আছে, যাঁরা এটা জানেন, তাঁরাও জানেন না কীভাবে খেলাটা খেলতে হয়। আগ্রহী প্রশিক্ষণার্থীদেরও প্রথম প্রথম খেলাটা শেখাতে বেশ হিমশিম খেতে হয়েছে লিকে। হাত-পায়ের নানা অঙ্গভঙ্গি করে, ভিডিও দেখিয়ে খেলাটা শেখাতে হয়েছে তাদের। সেই খেলায় তাঁর কল্যাণেই এখন পদক জিতছে বাংলাদেশ। শেষ দুটি দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) তায়কোয়ান্দোতে সোনা জিতেছে বাংলাদেশ। খেলাটা যাঁরা এখনো বোঝেন না, তাঁরাও জানেন মিজানুর রহমান, শাম্মী আক্তার, ফারজানা রুমিরা এই খেলার বড় নাম। তায়কোয়ান্দো নিয়ে এখন তো আরও বড় মঞ্চে বাংলাদেশকে পদক এনে দেওয়ার স্বপ্ন কোরিয়ান কোচের। লির স্বপ্নে সেই মঞ্চটা অলিম্পিক পর্যন্তও বিস্তৃত!ফুটবলের দেশ বলা যায় দক্ষিণ কোরিয়াকে। জনপ্রিয়তায় ফুটবলের পরই সে দেশে বেসবলের স্থান। কিন্তু ফুটবল, বেসবল ছেড়ে দিয়ে তিনি তায়কোয়ান্দোতে এলেন কেন? লির বাবা লি সাং সুন ছিলেন কোরিয়ান সেনাবাহিনীর ক্যাপ্টেন। ছেলেকে আত্মরক্ষার কৌশল শেখার জন্য একদিন বাড়ির পাশের তায়কোয়ান্দো স্কুলে ভর্তি করে দেন। ১১ বছরের কিশোর একটু একটু করে আত্মস্থ করে ফেলে তায়কোয়ান্দো। সেই যে শুরু আর ছাড়তে পারেননি খেলাটি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে বাবার পথ ধরে যোগ দেন সেনাবাহিনীতে। পদোন্নতি পেয়ে ক্যাপ্টেনও হয়ে যান। কিন্তু সেনাবাহিনীতে নিয়মের কড়াকড়ি একসময় ভালো লাগেনি তাঁর। বিশেষ করে তায়কোয়ান্দো খেলার সুযোগ হতো না বলে চাকরির ওপর থেকে মন উঠে যায়। শেষমেশ চাকরি ছেড়ে ফিরে আসেন খেলায়। জুটিয়ে নেন স্কুলশিক্ষকের একটা চাকরিও।তায়কোয়ান্দোর কোচিং কোর্স করে তত দিনে কোচিংয়েও ঢুকে পড়েন। ২০০০ সালে কোইকার (কোরিয়া-বাংলাদেশ বন্ধুত্ব চুক্তি) সহযোগিতায় বাংলাদেশে আসার আগে পাকিস্তান, পর্তুগাল ও কানাডায়ও কোচ হিসেবে কাজ করেছেন লি।বাংলাদেশে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে জেলায় জেলায় ঘুরেছেন। তাঁর প্রচেষ্টায় দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে তায়কোয়ান্দো ক্লাব। দেশের মানুষের সঙ্গে কাজ করতে করতে বাংলা ভাষাটাও শিখে গেছেন। খিদে লাগে, পানি খাব, ভালো আছি—এমন ছোটখাটো বাক্য দিয়ে শুরু হলেও এখন কোনো বিষয়ে তাত্ত্বিক একটা বক্তব্য দিয়ে ফেলতে পারেন বাংলায়ই। পুরোনো বাংলা সিনেমা দেখে এখন কখনো কখনো অবসর কাটে তাঁর। গানও পারেন এটা বোঝাতে গাইতেও শুরু করলেন, ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীতটে...।’বাংলাদেশকে দ্বিতীয় জন্মভূমি হিসেবেই দেখেন লি। এখানেই তাঁর ‘দ্বিতীয় জীবনের’ শুরু। সাভারে কোইকার এক অনুষ্ঠানে পরিচয় কোইকার স্বেচ্ছাসেবক তরুণী অম জু লানের সঙ্গে। আলাপ থেকে ভালো লাগা। তারপর প্রেম। সম্পর্কের পূর্ণতা দিয়ে ২০০৪ সালে অমকে বিয়ে করেন লি। বিয়েটা অবশ্য কোরিয়াতেই হয়েছিল। অম এখন চাকরি করেন সাভারের কোরিয়ান হাসপাতালে। তাই পরিবার নিয়ে লির বাসবাস এখন বাংলাদেশেই। তাঁদের দুই সন্তানের জন্ম বাংলাদেশেই। বড় মেয়ে লি হা রিয়ংয়ের বয়স ছয়। ছোট ছেলে ই লি দং উর তিন। ভাঙা ভাঙা বাংলাও বলতে পারে তারা। তাঁর ছেলেমেয়েরা বিশ্ব ক্রীড়াঙ্গনে তায়কোয়ান্দোতে বাংলাদেশের হয়ে খেলবে—এটাই স্বপ্ন লির, ‘আমার ইচ্ছা, অলিম্পিকে বাংলাদেশের হয়ে খেলবে ওরা দুজন। অলিম্পিকে সোনা জিতবে একদিন। বাংলাদেশের পতাকা ওড়াবে ওরা।’লির এ স্বপ্নটা যেন সত্যি হয়!যে ঘটনা এখনো হাসায়ঢাকায় আসার পর থেকেই বাংলা শেখার অনেক চেষ্টা করেছি। এখনো শিখছি। কিন্তু আমার উচ্চারণ শুনে প্রায়ই হেসে গড়াগড়ি খায় তায়কোয়ান্দো খেলোয়াড়েরা। একদিনের ঘটনা—নতুন এক মেয়ে এসেছে ক্যাম্পে। মেয়েটি একটু মোটা হওয়ায় আরও বেশি ওজন শ্রেণীতে খেলানোর পরামর্শ দিয়ে বললাম, ‘তুমি বিষ খাও।’ ও তখন বলল, ‘স্যার, বিষ খেলে তো আমি মরেই যাব।’ তখন আবার বললাম, ‘তুমি বিষ খাও, মুরগি খাও।’ মেয়েরা ততক্ষণে হাসাহাসি শুরু করে দিয়েছে। ওদের হাসাহাসি আর মুখ চাওয়াচাওয়ি দেখে বুঝলাম কোথাও গড়বড় হয়েছে। পরে একজন বুঝিয়ে বলল, স্যার ওটা ‘বিষ’ হবে না, ‘বেশি’ হবে।