কোরীয় সীমান্তে ব্যাপক গোলাবিনিময়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় সীমান্তবর্তী এলাকায় আজ মঙ্গলবার ব্যাপক গোলাবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার এক মেরিন সেনা নিহত ও কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।সিউল দাবি করেছে, তাদের পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় সীমান্তবর্তী ইয়ংপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া আজ প্রায় ২০০ ভারী গোলা নিক্ষেপ করেছে। আত্মরক্ষার্থে দক্ষিণ কোরিয়ার সেনারাও পাল্টা গোলা ছুড়ে এর জবাব দিয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে ওই সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তির পর দেশ দুটির মধ্যে এটিই সবচেয়ে বড় ধরনের গোলাবিনিময়ের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা বিতর্কিত ইয়ংপিয়ং দ্বীপে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। এ ছাড়াও দ্বীপটির প্রায় ৭০টির মতো ঘরবাড়িও গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া এ ঘটনার পর সীমান্ত অঞ্চলে সর্বোাচ্চ বেসামরিক সতর্কতা জারি করেছে। দেশটির শীর্ষস্থানীয় নেতারা সিউলের একটি বাংকারে এ নিয়ে জরুরি সভায় মিলিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া ইয়ংপিয়ং দ্বীপে কামানের গোলা নিক্ষেপ করেছে এবং দক্ষিণ কোরিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ।সিউল এ ধরনের গোলা নিক্ষেপকে বেআইনি বলে অভিহিত করেছে। তারা ওই সীমান্ত-সংলগ্ন দ্বীপে যুদ্ধবিমানও নিয়োজিত রেখেছে বলে জানা গেছে।—বিবিসি, রয়টার্স, আল জাজিরা।