কোর্ট ফি নিয়ে বিভ্রান্তি কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর তিন দফা কোর্ট ফি আইনে সংশোধনী আনা হলেও এ নিয়ে বিভ্রান্তি এখনো দূর হয়নি। দেশের প্রতিটি আদালতে সংশোধিত কোর্ট ফি আইনের গেজেট সময়মতো না পৌঁছানোর কারণে মামলা দায়েরে জটিলতা তৈরি হয়েছে। নতুন কোর্ট ফি আইন সম্পর্কে বিচারক, আইনজীবী ও সেরেস্তাদারদের কারও স্পষ্ট ধারণা না থাকার কারণে মামলা দায়ের ও অন্যান্য কার্যক্রমে জটিলতা কমছে না। ঢাকার বিভিন্ন আদালতে আইনজীবীরা প্রতিদিনের হাজিরা দরখাস্ত, সময় আবেদন করতে এসে আদালতের কর্মচারীদের দ্বারা বিভ্রান্তিতে পড়ছেন। আদালতের কর্মচারীরা বলছেন, তাঁদের হাতে নতুন আইনটি না পৌঁছানোর কারণে আগের আইনেই মামলার কোর্ট ফি দিয়ে যেতে হবে। এতে করে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অনেক জেলায় নতুন মামলা দায়ের বন্ধ রেখেছেন আইনজীবীরা। মানি স্যুট (অর্থ মোকদ্দমা) এবং অন্যান্য মোকদ্দমায় যেসব ক্ষেত্রে অ্যাডভেলোরেম (মূল্যানুপাত) কোর্ট ফি দিতে হয়, এ ক্ষেত্রে নতুন আইনে সর্বোচ্চ কোর্ট ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এর আগের দফার সংশোধনীতে সর্বোচ্চ অ্যাডভেলোরেম কোর্ট ফি নিয়ে অস্পষ্টতা ছিল। অনেকের মতে, আগের আইনে নির্ধারিত কোর্ট ফি নির্ধারণের সিদ্ধান্ত সম্পূর্ণই অবাস্তব এবং ভূমিদস্যুদের রক্ষা করার জন্যই প্রণীত হয়েছিল। সরকার এই ফি কমালেও সর্বোচ্চ কোর্ট ফি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করছেন আইনজীবীরা। কোর্ট ফি আইনের মতো একটি জনগুরুত্বপূর্ণ আইনের গেজেট এবং কোন মামলার কত ফি, তা ব্যাখ্যাসহ গণমাধ্যমে প্রকাশ করা উচিত বলে মনে করছেন আইনজীবীরা। আগের দফার সংশোধনীতে মানি মোকদ্দমার ক্ষেত্রে মামলার মূল্যমানের ওপর ১৫ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে মূল্যমানের ওপর ১০ শতাংশ কোর্ট ফি নির্ধারণ করা ছিল। এখন তা কমিয়ে মানি মোকদ্দমার ক্ষেত্রে মূল্যমানের ওপর আড়াই শতাংশ, সর্বোচ্চ কোর্ট ফি ৫০ হাজার টাকা এবং অন্যান্য জমিজমার ক্ষেত্রে মূল্যমানের ওপর ২ শতাংশ ও সর্বোচ্চ কোর্ট ফি করা হয়েছে ৪০ হাজার টাকা। সংশোধিত এই কোর্ট ফি আইনে বলা হয়েছে, এ আইন ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অনেক জেলা আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত (নতুনভাবে সংশোধিত হওয়ার তারিখ) অনেক মামলা-মোকদ্দমা দায়ের হয়েছে প্রথম দফা সংশোধিত কোর্ট ফি আইন অনুযায়ী। যেমন, অনেককে এক কোটি টাকার মূল্যমানের জন্য মামলা দায়ের করতে প্রথম দফার সংশোধনী অনুযায়ী কোর্ট ফি দিতে হয়েছে ১৫ লাখ টাকা। কিন্তু সর্বশেষ সংশোধনীতে এক কোটি টাকার মূল্যমানের মানি মোকদ্দমার ক্ষেত্রে সর্বোচ্চ কোর্ট ফি ৫০ হাজার টাকা দিতে হবে। নতুন সংশোধনীতে কোথাও বলা হয়নি, যাঁরা ইতিমধ্যে মামলা দায়ের করেছেন, তাঁদের বাড়তি কোর্ট ফি ফেরত দেওয়া হবে কি না। যেহেতু ১ আগস্ট ২০১০ জারি হওয়া আইনের সংশোধনীটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। এখন সর্বশেষ সংশোধনীতেও বলা হলো, এ কোর্ট ফির হার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তাই এখানে জটিলতা তৈরি হয়েছে।আইন মন্ত্রণালয়ের উচিত হবে, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে যাঁরা প্রথম দফা সংশোধনী অনুযায়ী মামলা দায়ের করেছেন, তাঁদের বাড়তি প্রদেয় কোর্ট ফি ফেরত দেওয়া। না হলে মামলা পরিচালনায় বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।কোর্ট ফি আইন অনুযায়ী এখন কোনো মূল মামলার ক্ষেত্রে যেরূপ কোর্ট ফি দিতে হয়, সমপরিমাণ কোর্ট ফি দিতে হয় একই মামলার আপিলের ক্ষেত্রে। এতে করে সাধারণ বিচারপ্রার্থীদের একই মামলায় দিতে হয় দুবার কোর্ট ফি। এ বিধানটির পরিবর্তন হওয়া প্রয়োজন বলে আইনজীবীরা মনে করছেন । কোর্ট ফি আইন সংশোধনের উদ্দেশ্য যদি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সংশোধনী নিতান্তই হিতে বিপরীত হয়েছে। আইনজীবীদের দাবির মুখে ফি পুনর্নির্ধারণ করতে গিয়ে ফি আরও এক ধাপ কমিয়ে দিয়েছে সরকার। অথচ এ বিষয়টি আইনপ্রণেতারা ভেবেই দেখেননি। প্রথম দফা সংশোধনীর ভুতুড়ে ফি পুনর্নির্ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে এখন আগের নির্ধারিত ফি থেকেও কমে যাচ্ছে। নির্দিষ্ট কোর্ট ফি বাড়ালেও মূল্যানুপাতে ফি কমে যাবে নতুন সংশোধনীতে। যেমন কেউ যদি তিন লাখ টাকা মূল্যমানের জমিজমা-সংক্রান্ত মামলা করতে যান, তাহলে গত ১ সেপ্টেম্বরের আগপর্যন্ত দিতে হতো আগের আইনের তফসিল অনুযায়ী দুই লাখ টাকার ওপর নির্ধারিত সাত হাজার ১০০ টাকা এবং পরবর্তী এক লাখ টাকার ওপর এক শতাংশ হারে এক হাজার টাকা। অর্থাৎ মোট আট হাজার ১০০ টাকা। প্রথম দফা সংশোধনীতে মূল্যমানের ১০ শতাংশ হারে নির্ধারণ করা হয় ৩০ হাজার টাকা। বর্তমান সংশোধনীতে দুই শতাংশ হারে একই মূল্যমানের ওপর দিতে হবে ছয় হাজার টাকা।