ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সাবেক সভাপতি এ কে এম মতিনুর রহমানের বিরুদ্ধে নিজ বিভাগের সান্ধ্য কোর্সের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভাগীয় তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অধীনে ২০১০ সাল থেকে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) নামে সান্ধ্য একটি কোর্স চালু করা হয়। এ কোর্স পরিচালনার জন্য বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। অপর চারজন সদস্য হলেন: বিভাগের শিক্ষক মোহাম্মদ জুলফিকার হোসেন, এস এম শফিকুল আলম, নাসিম বানু ও বেগম রোকসানা মিলি।জানা গেছে, মতিনুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিভাগের ১৬০তম একাডেমিক কমিটির বৈঠকে আলোচনা হয়। এরপর বিভাগের অধ্যাপক মাখলুকুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৮ জুন কমিটি প্রতিবেদন পেশ করে।তদন্ত প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয় মতিনুর রহমানের স্বেচ্ছাচারিতা। আর্থিক বিষয়াদিসহ সব বিষয় তিনি নিজের ইচ্ছামতো পরিচালনা করতে শুরু করেন। সমন্বয়ক ও সদস্যদের মাসিক ভাতা নির্ধারিত যথাক্রমে ১০ হাজার ৫০০ ও ছয় হাজার ৫০০ টাকা। কিন্তু অতিরিক্ত ভাতা হিসেবে সমন্বয়ক ৬৮ হাজার এবং দুজন সদস্য জুলফিকার হোসেন ৪৮ হাজার ও শফিকুল আলম নিয়েছেন ৩৮ হাজার টাকা।প্রতিবেদনে আরও বলা হয়, সমন্বয় কমিটির দুজন সদস্য জুলফিকার হোসেন, শফিকুল আলম নিজের অনুগত হওয়ায় মতিনুর রহমান এ কাজ করতে পেরেছেন। অপর সদস্য রোকসানা মিলি প্রতিবাদ করলেও মতিনুর রহমান তা আমলে নেননি। এ অবস্থায় রোকসানা মিলি তাঁর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।প্রতিবেদন অনুযায়ী, কোর্সের মেয়াদ শেষে বিভাগের পক্ষ থেকে আর্থিক হিসাব চাওয়া হয়। সমন্বয় কমিটি ১৮ লাখ ৪৭ হাজার ২০০ টাকা মোট আয় হয়েছে বলে জানায়। কোর্সের আয় থেকে বিভাগীয় শিক্ষকদের পারিশ্রমিক বাবদ মোট ১৩ লাখ ৩০ হাজার ৭০০ টাকা দেওয়া হয়। এর মধ্যে সমন্বয় কমিটির পাঁচজন নিয়েছেন নয় লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। বিভাগের বাকি সাতজন শিক্ষক পান মাত্র তিন লাখ ৪৭ হাজার ২০০ টাকা। সমন্বয়ক মতিনুর রহমান একাই গ্রহণ করেন দুই লাখ ৯৩ হাজার ২০০ টাকা। অর্থা ৎ , বিভগের সাতজন শিক্ষক যে পরিমাণ অর্থ পেয়েছেন, কোর্স সমন্বয়ক একাই নিয়েছেন প্রায় সমপরিমাণ অর্থ।এ ছাড়া বিভাগীয় তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কোর্স সমন্বয়কারী মতিনুর রহমানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেছে। এতে উল্লেখ করা হয়, বিভাগ উন্নয়ন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ হাজার টাকা আয় হলেও বিভাগকে দেওয়া হয় মাত্র ১০ হাজার টাকা। সেমিনার লাইব্রেরি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় আরও ৬০ হাজার টাকা। কিন্তু এক টাকাও লাইব্রেরির পেছনে খরচ করা হয়নি। গবেষণা তত্ত্বাবধান ফি বাবদ প্রতি শিক্ষার্থী থেকে দুই হাজার টাকা করে নিলেও তত্ত্বাবধায়ক শিক্ষককে দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। ছাত্র ভর্তির সময় মৌখিক পরীক্ষা বাবদ ৬০ হাজার টাকা আয় হলেও পরীক্ষা কমিটিকে দেওয়া হয়েছে সাত হাজার ৬৫০ টাকা। বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীর অতিরিক্ত দায়িত্ব বাবদ ৮১ হাজার ৭৫০ টাকা ব্যয় দেখানো হলেও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে ৪১ হাজার ৭৫০ টাকা। রক্ষণাবেক্ষণ বাবদ ২০ হাজার ৮১০ টাকা ব্যয় দেখানো হলেও এই টাকা কোথায় খরচ করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। স্টেশনারি পণ্য ক্রয় বাবদ ৩৫ হাজার ৭৭৪ টাকা ব্যয় দেখানো হলেও আবার একই খাতে ভিন্ন নামে ৬১ হাজার ১০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। নবীনবরণ অনুষ্ঠান বাবদ ব্যয় হয়েছে ২০ হাজার টাকা, অথচ ব্যয় দেখানো হয়েছে ৯০ হাজার ২৮৪ টাকা।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মতিনুর রহমান ও জুলফিকার হোসেন একত্রে মিলে অর্থ খরচ করেছেন, আবার তাঁরাই উক্ত হিসাব অডিট করেছেন। একই সঙ্গে অডিট বাবদ তাঁরা দুজন ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অতিরিক্ত সম্মানী গ্রহণ করেছেন।বিভাগীয় তদন্তে মতিনুর রহমানের আর্থিক অস্বচ্ছতা ও অনিয়ম প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ৪ জুলাই বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে মতিনুর রহমানকে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নতুন একটি কমিটি গঠন করে বিলুপ্ত কমিটিকে ১৪ জুলাইয়ের মধ্যে কোর্সের আয়-ব্যয়ের হিসাব বিভাগীয় সভাপতির কাছে জমা দিতে বলা হয়। এ ছাড়া বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক মাখলুকুর রহমান বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় মতিনুর রহমানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’তবে মতিনুর রহমান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিভাগ তদন্ত কমিটি গঠন করতে পারে না, তা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার পরও আমার বিরুদ্ধে অভিযোগ তোলায় আর্থিক হিসাব বুঝিয়ে দিয়ে আমি নিজেই পদত্যাগ করেছি।’এ ব্যাপারে বিভাগীয় সভাপতি রোকসানা মিলি প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের সত্যতা রয়েছে। মতিনুর রহমানকে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় উপস্থিত হতে বলা হলেও তিনি উপস্থিত হননি।’