কোল ছেঁটে শুধু শেরিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ ফুটবল তারকা অ্যাশলে কোলের সঙ্গে ব্রিটিশ পপগায়িকা শেরিল কোলের বিচ্ছেদ হয়েছে ২০১০ সালে। কিন্তু আজ অবধি নিজের নামের সঙ্গে সাবেক স্বামীর ‘কোল’ অংশটি বয়ে বেড়াচ্ছেন ‘দ্য গার্লস আলাউড’খ্যাত এই শিল্পী। সম্প্রতি ম্যাডোনা, কাইলি এবং রিয়ান্নার পদাঙ্ক অনুসরণ করে এখন থেকে কেবল নিজের নামের প্রথম অংশটি দিয়েই মঞ্চে পরিচিত হতে চান ২৮ বছর বয়সী এই গায়িকা, নৃত্যশিল্পী ও মডেল। আর তাই নিজের নামের শেষ অংশটুকু বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন শেরিল। এজন্য তিনি অতীতের নেতিবাচক অধ্যায়গুলোকে বিদায় দিতে চান। অবশ্য আইনগতভাবে নামের কোল অংশটি বাদ দিচ্ছেন না শেরিল। কেবল মঞ্চ নামের ক্ষেত্রেই এই পরিবর্তন আনছেন। এখন তাঁর দিনকাল বেশ ভালোই যাচ্ছে এবং তিনি আবারও মঞ্চে গান পরিবেশনের জন্য মুখিয়ে আছেন। এখন থেকে তাঁর মঞ্চ নাম হবে শুধুই শেরিল।’ উল্লেখ্য, জন্মের সময় শেরিলের নাম রাখা হয়েছিল শেরিল অ্যান টুইডি। এবার নামের সঙ্গে আবারও টুইডি অংশটি জুড়ে দেবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে শেরিল জানিয়েছেন, ‘না, এমনটা আমি করব না। কারণ শেরিল টুইডি নামে ফিরে গেলে অনেকেই হয়তো বলবেন, অতীতের বিবাহিত জীবন নিয়ে আমি লজ্জিত। কিন্তু আমি মোটেও লজ্জিত নই এবং সেটা আমার জীবনেরই একটা অধ্যায়।’