কোষাধ্যক্ষের দপ্তরে শিক্ষকদের হাতাহাতি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ শাহজাহান আলীর দপ্তরে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা শাহজাহান আলীর কক্ষে গিয়ে তাঁকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এ ছাড়াও ১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত হবে বলেও তাঁরা দাবি করেন। এর একপর্যায়ে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কিছু শিক্ষক ও কর্মকর্তার সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষকদের মধ্যে এ সময় সরকার-সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ, বিএনপি-সমর্থিত জিয়া পরিষদ ও জামায়াত-সমর্থিত গ্রিন ফোরামের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে আমরা শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অবাঞ্ছিত ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য ক্যাম্পাসে না এলেও কোষাধ্যক্ষ আজ ক্যাম্পাসে আসেন। এ অবস্থায় আমরা তাঁকে ভদ্রভাবে ক্যাম্পাস থেকে চলে যেতে বললে তাঁর ঘনিষ্ঠ কিছু শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র আমাদের সঙ্গে অসদাচরণ করেন।’এ সময় শাহজাহান আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফাইল সই করতে এসেছিলাম। কিন্তু শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা এসে এ সময় আমাকে সেগুলো করতে নিষেধ করেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে করা কোনো অনুষ্ঠান তাঁরা মানেন না বলে দাবি করেন। শিক্ষকেরা এ সময় আমাকে এ কর্মসূচি পালন না করার জন্য হুমকি দিলে আমার কার্যালয়ে উপস্থিত শিক্ষকদের সঙ্গে তাঁদের হাতাহাতির ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, আসন্ন দুটি দিবস বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে উদযাপন করা হবে।