কোস্টগার্ডে আরও ৩৩টি টহল বোট সংযোজিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, চলতি বছরেই উপকূলবর্তী ও নদীপথে চলাচলে সক্ষম ৩৩টি অত্যাধুনিক টহল বোট বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজিত হবে। কোস্টগার্ডকে যুগোপযোগী করে সাজাতে কোস্টগার্ড পশ্চিম জোনের জন্য আরও তিনটি স্টেশন ও একটি আউট পোস্ট চালু করতে সরকার অনুমোদন দিয়েছে। আজ শুক্রবার সকালে মংলা বন্দরের দিগরাজে অবস্থিত কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুমোদন করা স্টেশনগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে। কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণের কথা বিবেচনা করে পটুয়াখালীতে ২৩ একর জমির ওপর আধুনিক প্রশিক্ষণ সুবিধা-সংবলিত একটি একাডেমি প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে সরকার।