কোহিনুর মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার (এসপি) কোহিনুর মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নান্দাইল পৌরসভা নির্বাচনে দুজনকে গুলি করে হত্যার মামলায় আজ মঙ্গলবার সকালে অভিযোগপত্র গ্রহণ করে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোজিনা খান এ নির্দেশ দেন। বর্তমানে কোহিনুর মিয়া পলাতক রয়েছেন। ২০০৪ সালের ৯ মে নান্দাইল পৌরসভা নির্বাচনে বিনা কারণে গুলি করে সুজন মিয়া ও তাহের মিয়া নামের দুজনকে হত্যা করার অভিযোগ রয়েছে কোহিনুর মিয়ার বিরুদ্ধে। পরে এ ঘটনায় নান্দাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ভূঁইয়া একটি মামলা করেন।এ মামলাটি তদন্ত করে প্রথম দফায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন নান্দাইল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। কিন্তু ওই প্রতিবেদনের ওপর বাদী নারাজি আবেদন করলে আদালত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন দাখিলের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইসমাইল হোসেন মামলাটি তদন্ত করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেন।সূত্র জানায়, অভিযোগপত্রে কোহিনুর মিয়া ও নান্দাইল পৌরসভার সদ্য সাবেক মেয়র আ. সাত্তার ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের সূত্রে জানা গেছে, আ. সাত্তার ভূঁইয়া উচ্চ আদালত থেকে আগাম জামিনে আছেন।