কোহিনূর ফেরত দেব না: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত হীরকখণ্ড কোহিনূর ভারতকে ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল বুধবার সাংবাদিকদের কাছে ক্যামেরন বলেন, ‘আমি মনে করি না কোহিনূর ফেরত দেওয়া বিবেচনামূলক কাজ হবে।’ পুরোনো ইতিহাসের চেয়ে বর্তমানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যামেরন। খবর রয়টার্সের। ১০৫ ক্যারেট ওজনের কোহিনূর হীরাটি এখন টাওয়ার অব লন্ডনে রাখা আছে। এর আগে এটি ছিল রানি এলিজাবেথের মুকুটে। বিশ্বের বড় হীরাগুলোর মধ্যে একটি হলো কোহিনূর। ১৯১৯ সালে অমৃতসরে নিরস্ত্র নাগরিকদের ওপর গণহত্যা চালানোর জন্য অনুতাপ প্রকাশ করেন ক্যামেরন। ওই সময় ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, কোহিনূর হীরা ফেরত চাওয়ার বিষয়টি গ্রিসের ধ্রুপদি ভাস্কর্য এলগিন মার্বেলস ফেরত চাওয়ার মতোই। গ্রিস অনেক দিন ধরেই এই ভাস্কর্যটি ফেরত চাইছিল। তবে এ ব্যাপারে যুক্তরাজ্যের জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য, তাঁরা এসব ভাস্কর্য ও স্থাপত্যের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে করছেন, যাতে করে সারা বিশ্বের মানুষ এগুলো দেখে আনন্দ ভাগ করে নিতে পারেন। জাদুঘর কর্তৃপক্ষও বলে আসছে, তারা ফেরত দেওয়ার নীতি বিশ্বাসী নয়। এটি সুবিবেচনামূলক কাজও হবে না।১৮৫০ সালে রানি ভিক্টোরিয়াকে হীরাটি তুলে দেন তত্কালীন ভারতে নিয়োজিত ব্রিটিশ গভর্নর জেনারেল।১৯৯৭ সালে ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনের সময় দেশটি সফর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তখনো কোহিনূরটি ফেরত চেয়েছিলেন ভারতীয়রা।