কোহিনূরের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পস্বল্প বাংলা জানেন মারি কোহিনূর নোর্ডবার্গ। তাই মঞ্চে উঠে আনাড়ি উচ্চারণে বললেন, ‘বাংলাদেশের মাটিতে ফিরে আসা আমার জন্য অনেক অনেক গর্বের ব্যাপার!’ বাংলাদেশ নিয়ে যেমন কোহিনূরের গর্ববোধ, ঠিক তেমনি তাঁকে নিয়ে গর্ব করছে বাংলাদেশের মানুষও। কেনই বা করবে না, এই কোহিনূর যে ‘বাংলাদেশি কোহিনূর’। বাংলাদেশের যুদ্ধশিশু তিনি। সাড়ে তিন বছরে পাড়ি জমান নরওয়েতে। সেখানেই বেড়ে ওঠা। নাচ ও সংগীতের ভুবনে পথচলা। গড়ে তুলেছেন নিজের একটি ব্যান্ড দল। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। গানে নিপীড়িত মানুষের কথা বলেন এই শিল্পী। কণ্ঠ তাঁর সোচ্চার বর্ণবৈষম্যের বিরুদ্ধে। ২০০৭ সালে পেয়েছেন নরওয়ের একমাত্র আন্তর্জাতিক ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন নাই টিডের দেওয়া ‘নরওয়েজিয়ান অব ইয়ার’ সম্মাননা।বাংলাদেশের অহংকার কোহিনূর গতকাল গাইলেন ঢাকার ব্র্যাক সেন্টার ইনের মিলনায়তনে। রোটারি ক্লাবের এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল নরওয়েজিয়ান দূতাবাস, রিক্সকনসার্টিন এবং লাইভ স্কয়ার কনসার্ট। গান শুরুর আগে গলা সেধে নিচ্ছিলেন কোহিনূর। তারও আগে বাংলাদেশের একটা পতাকা মেলে ধরলেন তিনি। চোখের সামনে মেলে ধরে দেখলেন কিছুক্ষণ। গান শুরু হলো আটটার খানিক বাদে। ‘কাম ইউ স্ট্রেট ফরোয়ার্ড’ গানটি দিয়ে শুরু। মূলত হিপ হপ এবং ওয়ার্ল্ড মিউজিক ঘরানার গান করেন কোহিনূর। গান শেষে সংক্ষেপে নিজের বৃত্তান্ত জানালেন, বললেন, ‘আমার হূদয় আসলে বাংলাদেশেই।’ এরপর আবার গান, ‘হাউ ক্যান আই’ এবং ‘আমি তোমাকে ভালোবাসি, আবো’গান শুরুর আগে কথা হচ্ছিল কোহিনূরের সঙ্গে। জানালেন, ঢাকায় আসার পর এ পর্যন্ত পাঁচটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, গিয়েছিলেন কক্সবাজারেও। আজও আছে আরেকটি আয়োজন—লালন মিটস কোহিনূর। কেবল গানই নয়, কথা আছে। আজ তিনি যাবেন তাঁর পুরোনো ঠিকানা, মাদার তেরেসার অনাথ আশ্রমে। বললেন, ‘এ দেশের নারীদের জন্য কিছু করতে চাই। যারা কিনা নির্যাতনের শিকার। ইচ্ছে আছে, কনসার্ট করে কিছু টাকা পেলে বাংলাদেশের নারী ও অনাথ শিশুদের জন্য কাজে লাগাব।’ আর বাংলাদেশের কোন দিকটা ভালো লাগল আপনার? শেষ প্রশ্নে কোহিনূরের জবাব, ‘এ দেশের মানুষ। বিশেষ করে তরুণদের। এদের বেঁচে থাকার জন্য যে সংগ্রামের শক্তি, তা আমাকে মুগ্ধ করেছে। আমি বাংলা জানি না, এ দেশে থাকি না। কিন্তু আমার গান শুনে তাঁরা যা বললেন, তাতে প্রাণটা ভরে গেছে। যেন আমি সবার বোন!’কোহিনূর সম্পর্কে বিস্তারিত পড়ুন আজকের ‘ছুটির দিনে’।