কোয়ান্টাম কম্পিউটারের পথ দেখিয়ে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের সার্জ আহোশ এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। কোয়ান্টাম কণা নিয়ে গবেষণার জন্য তাঁরা এ পুরস্কার পেয়েছেন।বস্তু ও আলো যখন ক্ষুদ্রাতিক্ষুদ্র একক কণায় পৌঁছায়, তখন তাদের আচরণ হয় অদ্ভুত ধরনের। আর তা পরিমাপ কিংবা পর্যবেক্ষণের কাজটি কেবল গাণিতিক হিসাব-নিকাশের ভিত্তিতে, তত্ত্বগতভাবে সম্ভব ছিল। পদার্থবিদ্যায় এ জগৎ কোয়ান্টাম বলবিদ্যা নামে পরিচিত। সেই কোয়ান্টাম কণা নিয়ন্ত্রণ করেই তাদের পরিমাপ বা গতিবিধি পর্যবেক্ষণ এবং তা কাজে লাগানোর পদ্ধতি আবিষ্কার করেছেন আহোশ (৬৮) ও ওয়াইনল্যান্ড (৬৮)। গতকাল মঙ্গলবার নোবেল কমিটি বলেছে, আহোশ-ওয়াইনল্যান্ডের এ কাজের ফলে ভবিষ্যতে এমন উচ্চক্ষমতাসম্পন্ন কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব হবে, যা এত দিন কল্পনাই করা যেত না।পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী নির্বাচন করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। তাদের বিবৃতিতে বলা হয়, ‘কোয়ান্টাম কণা নিয়ে কাজের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছেন আহোশ ও ওয়াইনল্যান্ড। কোনো একটি কোয়ান্টাম কণাকে ধ্বংস না করেই এর পরিমাপের উপায় বের করেছেন তাঁরা। বর্তমানে ব্যবহূত কম্পিউটার গত শতাব্দীতে যেমন আমাদের জীবনযাত্রা আমূল পাল্টে দিয়েছে, ঠিক তেমনি চলতি শতাব্দীতে সেই একই ঘটনা ঘটাতে পারে কোয়ান্টাম কম্পিউটার।’বর্তমানে কম্পিউটার কাজ করে বাইনারি পদ্ধতিতে। এই পদ্ধতিতে শূন্য অথবা এক, এমন বিট হিসেবে সব তথ্য সংরক্ষণ করা হয়। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করবে কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে। এখানে একই সঙ্গে শূন্য অথবা এক এবং শূন্য ও এক উভয় পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা হবে। এতে করে তথ্য সংরক্ষণের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে।এ ছাড়া এই দুই বিজ্ঞানীর কাজের ফলে আগামী দিনে এমন ঘড়ি তৈরি করা সম্ভব হবে, যা বর্তমানের সিজিয়াম ঘড়ির চেয়ে শতগুণ নিখুঁত সময় দেবে।আহোশ প্যারিসের কলেজ দো ফ্রঁস এবং ইকোল নরমাল সুপেরিয়রের অধ্যাপক। ওয়াইনল্যান্ড যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব স্টান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনা করেন।আহোশ জানান, প্রতিক্রিয়া নেওয়ার জন্য সাংবাদিকেরা তাঁর কাছে যাওয়ার মাত্র ২০ মিনিট আগে নোবেল কমিটির কাছ থেকে তিনি জানতে পারেন, তিনি পুরস্কার জিতেছেন। তিনি বলেন, ‘স্ত্রীকে নিয়ে আমি রাস্তায় হাঁটছিলাম। এর মধ্যে আমার মুঠোফোনটি বেজে ওঠে। দেখলাম, ফোনটি এসেছে সুইডেন থেকে। নোবেল কমিটিই আমাকে খবরটি দিল। নিজেকে স্থির রাখার জন্য তাড়াতাড়ি রাস্তার পাশে একটি বেঞ্চে বসে পড়লাম।’আহোশ আরও বলেন, ‘প্রথমেই আমি আমার সন্তানদের ফোন করে খবরটি জানালাম। এরপর ফোন করলাম ঘনিষ্ঠ সহকর্মীদের, যাদের সহযোগিতা ছাড়া হয়তো কোনো দিনই আমার পক্ষে এই অর্জন সম্ভব হতো না।’ কীভাবে উদ্যাপন করবেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই শ্যাম্পেন দিয়ে।’নোবেল পুরস্কারের অর্থ হিসেবে ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন আহোশ ও ওয়াইনল্যান্ড। রয়টার্স, এএফপি, বিবিসি।