কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ম্যাচ খেলতে আসা খেলোয়াড়েরা রাষ্ট্রীয় অতিথিদের মতো নিরাপত্তা পাবেন; বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের জন্য বাড়তি ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলকে এবার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় এসে পৌঁছেছে। রাতে তাদের বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর থেকে আনা হয়। হোটেলে তাদের অবস্থানের সময় পুলিশ চারপাশ ঘিরে থাকবে। তাদের মাঠে আনা-নেওয়ার সময়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। খেলা শেষ হওয়ার পর মাঠ খালি করার পরই তাদের বাইরে আনা হবে। খেলার পর রাস্তায় কাউকে থাকতে দেওয়া হবে না বলে পুলিশ কর্মকর্তারা জানান। ৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর উত্তেজিত দর্শকেরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এ সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বহন করা একটি বাসে ইট নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পর পর র্যাব ও পুলিশ ওই এলাকা থেকে ২৮ জনকে আটক করে।