কৌঁসুলিদের বেরিয়ে যেতে বললেন বিচারক
জামায়াতে ইসলামীর ছয় আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চলা মামলায় জামিনের বিরোধিতা করায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন বিচারক দিলারা আলো চন্দনা। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এ আজ এ ঘটনা ঘটে। ছয় আসামি হলেন মোহাম্মদ হুমায়ুন, গোলাম সারওয়ার, খোরশেদ আলম, হামিদুল, সাদিক, কবীর। তাঁরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী।বিশেষ ট্রাইব্যুনাল মামলা ২৬৩/১৩-এ আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল আজ। পাশাপাশি আজ এই ছয়জনের জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে ছয়জনের জামিন মঞ্জুর করেন বিচারক দিলারা আলো চন্দনা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর সরকারি অতিরিক্ত কৌঁসুলি এ এস এম রিজাউর রহমান জামিনের বিরোধিতা করেন।এর পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘আমি জামিন মঞ্জুর করেছি। জামিনের বিরোধিতা বিষয়ে কোনো কথা থাকলে অন্য কোথাও গিয়ে বলেন।’ এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিচারক রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী রিজাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে চলা মামলাটি জামিনের অযোগ্য। তিনি জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানাধীন সোনারগাঁও ক্রসিংয়ের ওপর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটান এবং জনমনে ভীতির সৃষ্টি করেন। তাঁরা এজাহারভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ তদন্ত করে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য আছে। এ পর্যায়ে জামিন দেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষের তরফ থেকে এমন অভিমত ব্যক্ত করা হলে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, ‘যেখানে খুশি সেখানে গিয়ে আপনারা বিচার দেন।’ এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী রিজাউর রহমান ও সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি খন্দকার মহিবুল হাসান, শাহজালাল কিবরিয়া ও শওকত আলী আদালত থেকে বেরিয়ে যান।