কৌশলগত রেল যোগাযোগে ভারতের চেয়ে চীন এগিয়ে
চীন কৌশলগত রেল যোগাযোগ অবকাঠামো নির্মাণে তাদের দক্ষতার প্রমাণ রেখেছে। এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে তারা অনেক এগিয়ে। বেশ দ্রুত সময়ের মধ্যে চীন তাদের সীমান্ত এলাকা ও তিব্বতের সঙ্গে দ্রুত গতির রেল যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। অথচ ভারত প্রায় ২৫ বছর ধরেও বিক্ষুব্ধ কাশ্মীরের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তুলতে পারেনি।বিশ্লেষকদের মতে, কাশ্মীরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন প্রচেষ্টার মধ্য দিয়ে অবকাঠামো নির্মাণ দক্ষতায় ভারতের সাথে চীনের ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। দ্রুতগতির রেল ও সড়কপথ নির্মাণের মাধ্যমে চীন তাদের পার্বত্য সীমান্তে কৌশলগত সুবিধা ভোগ করলেও ভারত এ ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। বিক্ষুব্ধ কাশ্মীরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন ও সামরিক সরঞ্জাম বহন সহজ করার উদ্দেশ্যে প্রায় ২৫ বছর আগে ভারত একটি রেলপথ নির্মাণ প্রকল্প শুরু করে। কিন্তু প্রকল্প শুরু হওয়ার প্রায় ২৫ বছর পরও ৩৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ এখনো এক-চতুর্থাংশ বাকি আছে। টার্নেল ধস, অর্থের অপর্যাপ্ততাসহ অন্যান্য চ্যালেঞ্জের কারণে কাজটি ধীর গতিতে এগোচ্ছে। এ পথ নির্মাণ বেশ ঝুঁকিপূর্ণ বলেও অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন।সম্প্রতি চীনের রেলব্যবস্থা সমালোচনার মুখে পড়েছে। চীনে গত জুলাইয়ে বুলেট ট্রেন দুর্ঘটনায় ৪০ ব্যক্তি নিহত হয়। ওই দুর্ঘটনার পর দেশটিতে নতুন রেলওয়ে প্রকল্পের অনুমোদন স্থগিত রাখা হয়েছে। কিন্তু তারা মাত্র পাঁচ বছরের মধ্যেই এক হাজার ১৪০ কিলোমিটার দীর্ঘ কুইনগাই-তিব্বত রেলপথ নির্মাণে সক্ষম হয়েছে। চীন তাদের সীমান্তের পাশ দিয়ে বিটুমিন সড়ক নির্মাণ করেছে। সীমান্তে যেকোনো ধরনের সংঘাত সৃষ্টি হলে এই পথে তারা দ্রুত সময়ের মধ্যে সেনা ও সামরিক সরঞ্জাম বহন করতে পারবে। চীন রেলপথ নির্মাণের মাধ্যমে তিব্বত ও কাশ্মীরের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার পাশাপাশি সামরিক সুবিধাও ভোগ করছে। যদি কখনো ভারতের সঙ্গে চীনের সংঘাত সৃষ্টি হয় কিংবা তিব্বতে অস্থিশীল পরিস্থিতি তৈরি হয়, চীন এ পথে সহজেই তাদের সেনা প্রেরণে সক্ষম হবে। বিশ্লেষকের মতে, শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ চীনের কয়েক দশকের কৌশলগত পরিকল্পনারই অংশ।অপরদিকে ভারত এখনো তাদের গুরুত্বপূর্ণ অঞ্চল নির্ধারণ করতে পারেনি। যা পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত ভাগাভাগি আছে। বিশ্লেষকদের মতে, ভারত যদি কাশ্মীরকে গুরুত্বপূর্ণ মনে করে তা হলে সেখানকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে তাদের আরও গতিশীল হতে হবে। রয়টার্স অবলম্বনে।