কৌশলে সেরা হওয়ার দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করল, সবাই পেল জিপিএ-৫। আরেকটি প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল, দু-চারজন ফেল করল, উত্তীর্ণদের কয়েকজন জিপিএ-৫ পেল না। এ দুটি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে কীভাবে?কয়েক বছর ধরে এ প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে শিক্ষা বোর্ডগুলো। জিপিএ পদ্ধতির শুরুতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বিবেচনায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হতো। এর ফলে কিছু বাণিজ্যিক শিক্ষাপ্রতিষ্ঠান অসম প্রতিযোগিতায় মেতে ওঠে। ওই সব প্রতিষ্ঠান নবম শ্রেণীতে বেশিসংখ্যক ছাত্র ভর্তি করে দফায় দফায় তাদের বাছাই করত। দুই বছর ধরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ছাঁটাইয়ের পর অল্পসংখ্যক শিক্ষার্থীকে ওই সব প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার সুযোগ দেয়। বাণিজ্যিক উদ্দেশ্যে গড়া ওই সব প্রতিষ্ঠান তাদেরই এসএসসি পরীক্ষার সুযোগ দিচ্ছিল, যাদের সবাই পাস করবে এবং অধিকাংশই জিপিএ-৫ পাবে। এই কৌশলের ওপর ভর করে ওই স্কুলগুলো বোর্ডের সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে বছরজুড়ে বিজ্ঞাপন দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করত। কিছু প্রতিষ্ঠানের এই অপতৎপরতা বন্ধে সেরা প্রতিষ্ঠান নির্বাচনে গত কয়েক বছর নিবন্ধনের সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যাসহ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়। তাতেও এই নির্বাচনের বিষয়টি সঠিক হচ্ছিল না। এ বছর চারটি বিবেচনার পাশাপাশি যুক্ত হয়েছে ১০ নম্বরের আরও একটি বিষয়, তা হলো প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর পাওয়া জিপিএ যোগ করে পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করা এবং ওই ভাগফলকে দুই দিয়ে গুণ করা।পাঁচটি বিবেচনা, ১০০ নম্বর: এ বছর থেকে প্রতি বোর্ড সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে পাঁচটি বিষয় বিবেচনায় এনেছে। এর মধ্যে প্রথম হচ্ছে, কত শিক্ষার্থী নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল এবং তার মধ্যে নিয়মিত কতজন পরীক্ষা দিল, এ জন্য নম্বর ২৫। পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার হার, নম্বর ২৫। মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বিবেচনার জন্য নম্বর ৩০। মোট পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নম্বর সর্বোচ্চ ১০ (এক থেকে ৫০ পরীক্ষার্থীর জন্য এক, ৫০ থেকে ৯৯ পরীক্ষার্থীর জন্য দুই, ১০০ থেকে ১৪৯ পরীক্ষার্থীর জন্য নম্বর তিন এবং এভাবে পরীক্ষার্থী সংখ্যা ৫০০ এবং তার বেশি হলে নম্বর ১০)।এ বছর নতুন যুক্ত হয়েছে ১০ নম্বরের আরও একটি বিবেচ্য বিষয়। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর পাওয়া জিপিএ বিবেচনা করা হবে। ধরা যাক, একটি প্রতিষ্ঠানে চারজন ছাত্র, তাদের জিপিএ ৫, ৪, ৩, ০। চারজনের মোট জিপিএ যোগ করলে হয় ১২ এবং এই সংখ্যাটি চারজন শিক্ষার্থী দিয়ে ভাগ করলে হয় তিন, এরপর নিয়ম অনুযায়ী পাওয়া তিন সংখ্যার সঙ্গে দুই গুণ করতে হবে। তাহলে ওই প্রতিষ্ঠানের মূল্যায়ন হবে ১০ নম্বরের মধ্যে ছয়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে বিভিন্ন পর্যায়ে চিন্তাভাবনা করে সেরা প্রতিষ্ঠান নির্বাচনে এসব বিবেচ্য বিষয় নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে অসম প্রতিযোগিতা দূর হবে এবং সেরা তালিকায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হওয়া নিশ্চিত হবে।কিছু দৃষ্টান্ত: ফল বিশ্লেষণে দেখা গেছে, পাঁচটি বিষয় বিবেচনা করায় সেরা প্রতিষ্ঠানের তালিকা নির্বাচনে অনেকটা সমতা ফিরে এসেছে। সবগুলো বোর্ড এই নিয়ম অনুসরণ করছে। আটটি বোর্ডে মোট ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগই নামকরা প্রতিষ্ঠান। সেরা প্রতিষ্ঠান নির্বাচনে পরীক্ষার্থীর সংখ্যা বিবেচ্য হওয়ায় ক্যাডেট কলেজগুলোর একচেটিয়া প্রভাব কিছুটা ক্ষুণ্ন হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচ বিবেচ্য বিষয় অনুযায়ী সেরা তালিকায় আসতে পারেনি। ঢাকা বোর্ডের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন ছাত্রী নিবন্ধন করেছিল। সবাই পরীক্ষা দিয়েছে, সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে সবাই। কিন্তু বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের অবস্থান পঞ্চম। নম্বর ১০০-তে ৯০। একই বোর্ডে প্রথম স্থান লাভ করা রাজউক উত্তরা মডেল স্কুলে যত ছাত্র নিবন্ধন করেছিল, তাদের সবাই পরীক্ষা দেয়নি, যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই জিপিএ-৫ পায়নি। তবে পাস করেছে শতভাগ এবং ওই প্রতিষ্ঠানের প্রাপ্ত নম্বর ১০০-তে ৯৫ দশমিক ৬৬।আবার কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে নিবন্ধন করা ৪৬ জন ছাত্রীর সবাই পরীক্ষা দিয়েছে, পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে। ওই প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৯০ হলেও বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। কারণ জিলা স্কুলে নিবন্ধন করা ৩২১ জনের সবাই পরীক্ষা দিয়েছে, পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।ঢাকা বোর্ড কম্পিউটার সেন্টারের সিনিয়র সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, সেরা প্রতিষ্ঠান নির্বাচনে কীভাবে ভারসাম্য ও সঠিকতা আনা যায়, সেই প্রচেষ্টার অংশ হিসেবে পাঁচটি বিবেচ্য বিষয় নির্ধারিত হয়েছে। আগের তুলনায় এটা অনেক বেশি যৌক্তিক বলে মনে করেন তিনি।