ক্যাটরিনা উদ্ধার, ত্রাতা এবার শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশরাজ ফিল্মসের নতুন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। আর জুটি বাঁধার পর থেকেই সখ্যতা বাড়ছে এ দুই তারকার। শাহরুখের জন্য ক্যাটরিনার ত্যাগ, ক্যাটরিনার জন্য শাহরুখের বদান্যতা—এসবই এখন বলিউডের মুখরোচক গল্প। এ গল্পের সর্বশেষ সংযোজন হলো সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ক্যাটরিনার উদ্ধারে এগিয়ে এসেছিলেন শাহরুখ। লন্ডনে যশরাজ ফিল্মসের ছবির শুটিংয়ে থাকার সময়ে শাহরুখের জন্য এক কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। এর কিছুদিনের মাথায় শাহরুখের জন্য নিজের স্বপ্নের তারকা কেভিন স্পেসির দেখা পেয়ে শাহরুখের প্রতি কৃতজ্ঞতায় বিনম্র হয়েছিলেন ক্যাট, আর এবারে ক্যাটরিনার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন শাহরুখ। সম্প্রতি লন্ডনের শুটিং শেষে দেশে ফেরার সময় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই বিপত্তিটা বাধে। বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় এই দুই তারকাকে ঘিরে ধরেন অসংখ্য কৌতূহলী ভক্ত এবং সাংবাদিকেরা। সে সময় ক্যাটরিনাকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এতে বেশ বিব্রত হন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে ক্যাটরিনা উদ্ধারে এগিয়ে আসেন শাহরুখ। প্রচণ্ড ভিড় ঠেলে তিনি তাঁকে পথ দেখিয়ে এগিয়ে নিতে থাকেন। ক্যাটরিনাকে একরকম জড়িয়ে ধরেই তিনি সামনে এগোতে থাকেন এবং গাড়িতে উঠিয়ে দেন। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।ক্যাটরিনা এর আগে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান খান তাঁকে উদ্ধারে এগিয়ে আসায়। আর এবারে তিনি খবরের শিরোনাম হলেন সালমানের চির-প্রতিদ্বন্দ্বী শাহরুখ তাঁকে উদ্ধারে এগিয়ে আসায়। সব মিলিয়ে ক্যাটরিনার কপাল যে আর দশজন বলিউডের অভিনেত্রীর চেয়ে একটু বেশি রকমের ভালো—তা আর বলার অপেক্ষা রাখে না।