ক্যাটরিনা কারিনাকে পেছনে ফেলে শাহরুখের জুটি আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দে জোড়ি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল আনুশকা শর্মার। এবার ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে আবারও তিনি শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পেছনে ফেলে শেষ পর্যন্ত তারকা নির্বাচনের এই দৌড়ে জয়ী হয়েছেন আনুশকাই।‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে শাহরুখের উপস্থিতি আগেই নিশ্চিত করেছিলেন ফারাহ। সম্প্রতি ছবির কেন্দ্রীয় নারীচরিত্রটিও চূড়ান্ত করে ফেললেন বলিউডের এই কোরিওগ্রাফার ও নির্মাতা। শাহরুখের সঙ্গে অভিনয়ের এ সুযোগটি তিনি দিলেন আনুশকা শর্মাকে। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে মুম্বাই মিরর।প্রস্তাবটি পেয়ে দারুণ খুশি আনুশকা। বলাই বাহুল্য, আগ-পাছ কিছু না ভেবে একবাক্যে সম্মতি জানিয়েছেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘আনুশকাকে খুবই পছন্দ করেন ফারাহ। রব নে বানা দে জোড়ি ছবিতে আনুশকার নাচের প্রতিভা তাঁকে মুগ্ধ করেছে। বলিউডের প্রথম সারির কয়েকজন অভিনেত্রীকে বাদ দিয়ে শেষ পর্যন্ত আনুশকাকেই নিজের নতুন ছবিতে নিয়েছেন ফারাহ।’এদিকে শিগগিরই রাজকুমার হিরানির নতুন ছবি ‘পিকে’তে আমির খানের সঙ্গে শুটিং শুরু করবেন আনুশকা। আর তাই ফারাহর নতুন ছবির সঙ্গে শুটিং শিডিউল মেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি মুক্তি পাবে ২০১৩ সালে। পাঁচ বছর পর শাহরুখ-আনুশকা জুটির রসায়ন আবারও উপভোগ করবেন দর্শকেরা—এমনটাই প্রত্যাশা সবার।