ক্যাটরিনার মধ্যস্থতায় ফের বন্ধু শাহরুখ-সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুদিন ধরেই কথা বলা দূরে থাক, একে অপরের ছায়াও মারাতেন না বলিউডের খানসাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী দুই খান সালমান আর শাহরুখ। সাপে-নেউলে সম্পর্কের জন্য একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই অভিনেতা। অবশেষে নিজেদের ভেতরের পুরোনো সব বিবাদ ভুলে আবারও বন্ধু বনে গেছেন শাহরুখ-সালমান। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন এই দুই তারকারই প্রিয়পাত্র ক্যাটরিনা কাইফ। শাহরুখের ইচ্ছা ও ক্যাটরিনার মধ্যস্থতাতেই সম্প্রতি বুকে বুক মিলিয়েছেন দুই খান সাহেব।যশ চোপড়ার নতুন ছবির শুটিংয়ের কাজে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন শাহরুখ ও ক্যাটরিনা। কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শুটিংয়ের ফাঁকে দীর্ঘক্ষণ বাতচিতে মেতে থাকতেন তাঁরা। একদিন এমনই আলাপচারিতার সময় সালমানের সঙ্গে সব বিবাদ মিটিয়ে ফেলার ইচ্ছার কথা কিং খান প্রকাশ করেন ক্যাটরিনার কাছে। ক্যাটরিনাও অসম্ভব এই কাজকে সম্ভব করে তোলার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এক খবরে এমনটিই জানিয়েছে টিওআই।‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের কাজে আয়ারল্যান্ডের ডাবলিনে যাচ্ছিলেন সালমান। শাহরুখের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সে সময় ক্যাটরিনা তাঁকে লন্ডনে থামতে বলেন। সাবেক প্রেমিকা বলে কথা! ক্যাটরিনার ডাকে সাড়া দিয়ে ঠিক ঠিক লন্ডনে গিয়ে হাজির হন সালমান। ক্যাটরিনার মধ্যস্থতায় দীর্ঘক্ষণ আলোচনার টেবিলে বসেন শাহরুখ-সালমান। সেখানেই তাঁরা অতীতের সব দ্বন্দ্ব ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেন। একপর্যায়ে নিবিড়ভাবে একে অপরকে জড়িয়ে ধরে আবারও বন্ধু হয়ে যান তাঁরা।