ক্যাটরিনার স্বপ্নপূরণে শাহরুখ!
শাহরুখ খানের সঙ্গে যশ রাজ ফিল্মসের নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। এই মুহূর্তে লন্ডনে ছবিটির শুটিং চলছে। সম্প্রতি শাহরুখের কারণেই স্বপ্ন পূরণ হয়েছে ক্যাটরিনার, ছবির সেটে স্বপ্নের তারকা ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কার বিজয়ী হলিউডের অভিনেতা কেভিন স্পেসির দেখা পেয়েছেন ২৭ বছর বয়সী এই বলিউডের অভিনেত্রী।যশ রাজ ফিল্মসের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবির শুটিং করছিলেন শাহরুখ-ক্যাটরিনা। শাহরুখ খান লন্ডনে আছেন, এ কথা জেনে হঠাত্ই ছবির সেটে গিয়ে হাজির হন কেভিন। যুক্তরাজ্যের প্রথম সারির একটি পত্রিকার বরাতে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। শাহরুখের সাক্ষাতের জন্য আসা কেভিনের ভক্ত ক্যাটরিনার জন্য বিষয়টি অনেকটাই স্বপ্নের দরজা খুলে দেওয়ার মতো। স্বপ্নের তারকাকে সশরীরে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ক্যাটরিনা। বলিউডের প্রভাবশালী দুই খানের দাক্ষিণ্যে বেশ ভালোই যাচ্ছে ক্যাটরিনার দিনকাল। শুরুতে বলিউডে আসন পাকাপোক্ত করতে সালমানের সব রকম সহযোগিতা পেয়েছেন তিনি। সে সময় সালমান খানের প্রেমে নিজেকে সঁপেছিলেন তিনি। এরপর সাফল্যের সিঁড়ি বেয়ে আজ অনেক ওপরে উঠেছেন ক্যাটরিনা। পরে সালমানের বিরোধীপক্ষ শাহরুখ খানের সঙ্গে দ্বিধাহীনভাবে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শাহরুখের সঙ্গে শুটিং নিয়ে যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়, সে জন্য এক কোটি রুপির লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী।