ক্যাডারদের বাধায় দরপত্র জমা দিতে পারেনি ৪ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ট্রান্সফরমার সরবরাহকাজের জন্য দরপত্র জমা দিতে পারেনি চারটি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের যুব ও ছাত্রসংগঠনের পরিচয়দানকারী ক্যাডারদের বাধার কারণে প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।দরপত্র জমা দিতে না পারা প্রতিষ্ঠানগুলো হলো: পাওয়ারম্যান বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রিক করপোরেশন প্রাইভেট লিমিটেড (বেটেলকো), ইন্ট্রিগাল ইলেকট্রিক কোম্পানি ও শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওজোপাডিকোর জন্য ২০০ কেভিএ ও ২৫০ কেভিএ ট্রান্সফরমার সরবরাহকাজের দরপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নগরের বিদ্যুৎ ভবন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পুলিশ কমিশনারের দপ্তরে রাখা বাক্সে দরপত্র জমা দিতে বলা হয়।বেটেলকোর ব্যবস্থাপক মো. কামাল হোসেন অভিযোগ করেন, তিনি দরপত্র জমা দিতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৫ থেকে ২০ জন যুবক নিজেদের ছাত্রলীগ ও যুবলীগের কর্মী পরিচয় দিয়ে তাঁর গাড়ি থামান। পরে জোর করে তাঁকে একটি প্রাইভেট কারে তুলে স্থানীয় একটি হোটেলে নিয়ে যান। দরপত্র জমা দেওয়ার সময় পার হয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটডের সহকারী ব্যবস্থাপক শেখ আবু সাইদ রহমান জানান, তিনি দরপত্র জমা দিতে প্রথমে বিদ্যুৎ ভবনে যান। সেখানে বাধা পেয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেওয়া যুবলীগ ও ছাত্রলীগ নামধারী ক্যাডাররা তাঁকে দরপত্র জমা দিতে বাধা দেয়। বিষয়টি তিনি ফোনে পুলিশ কমিশনারকে জানালে পুলিশের এক সদস্য তাঁর কাছে আসেন। কিন্তু এর একপর্যায়ে ক্যাডাররা তাঁকে জোর করে একটি হোটেলে নিয়ে গিয়ে আটকে রাখে। দরপত্র জমা দেওয়ার সময় শেষ হলে ছেড়ে দেওয়া হয়।ইন্ট্রিগাল ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপক বোরহান উদ্দিনের অভিযোগ, তিনি সকাল সাড়ে ১০টায় দরপত্র জমা দিতে বিদ্যুৎ ভবনে প্রকল্প পরিচালকের দপ্তর প্রাঙ্গণে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ক্যাডাররা তাঁকে বাধা দেয়। তিনি বিষয়টি প্রকল্প পরিচালক প্রদীপ কুমার সরকারকে জানান। প্রকল্প পরিচালক তাঁকে (বোরহান উদ্দিনকে) জানান, তাঁর কার্যালয়ের বাইরে তিনি কোনো নিরাপত্তা দিতে পারবেন না। এরপর তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে দরপত্র জমা দিতে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ক্যাডাররা তাঁকে জোর করে একটি হোটেলে নিয়ে যায়।পাওয়ারম্যান বাংলাদেশ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মহসিন অভিযোগ করেন, তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে তাঁকেও জোর করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকল্প পরিচালক প্রদীপ কুমার সরকার প্রথম আলোকে বলেন, প্রায় ৫০ কোটি টাকার ছয়টি ভাগে ১২টি লটে দরপত্র আহ্বান করা হয়। তিনটি দপ্তর থেকে মোট ৩৯টি শিডিউল বিক্রি হয়। গতকাল মঙ্গলবার জমা দেওয়ার শেষ দিনে পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাখা বাক্সে কোনো দরপত্র জমা পড়েনি। তবে বিদ্যুৎ ভবনে তাঁর দপ্তরে কয়েকটি লটে মোট ২১টি দরপত্র জমা পড়েছে। এগুলো এ্যানার্জি প্যাক ও সেনাকল্যাণ ইঞ্জিনিয়ারিংয়ের জমা দেওয়া দরপত্র।দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রদীপ কুমার বলেন, ‘বাইরে কী হয়েছে না-হয়েছে, তা আমার জানা নেই। তবে আমার দপ্তরে বাধা দেওয়ার কোনো খবর পাইনি।’ খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান বলেন, যুবলীগের কোনো নেতা-কর্মী এর সঙ্গে জড়িত নন। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল সুজন বলেন, এমন কোনো ঘটনার কথা তাঁর জানা নেই।খুলনার পুলিশ কমিশনার সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর দপ্তরে দরপত্র জমাদানে বাধার বিষয়ে একটি অভিযোগ পেয়ে তিনি এক কর্মকর্তাকে অভিযোগকারীর কাছে পাঠান। অভিযোগকারী তাঁর দপ্তরে আসেননি। পরে কেউ তাঁর কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি।